ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কুনদুজ শহরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে প্রায় এক সপ্তাহ আগে মার্কিন বিমান হামলা হয়। ছবি: এমএসএফ
আফগানিস্তানের কুনদুজ শহরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে প্রায় এক সপ্তাহ আগে মার্কিন বিমান হামলা হয়। ছবি: এমএসএফ

আফগানিস্তানের কুনদুজ শহরে হাসপাতালে বিমান হামলার ঘটনায় ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রায় এক সপ্তাহ আগে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ পরিচালিত ওই হাসপাতালে মার্কিন বিমান হামলায় ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। হামলায় হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি আন্তর্জাতিকভাবে ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়। একে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে এমএসএফ।

একপর্যায়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বীকার করা হয়, এটা একটা ভুল ছিল। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমাও চান।

পেন্টাগনের এক মুখপাত্র গতকাল এক বিবৃতিতে বলেন, ওই হামলায় নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হাসপাতাল মেরামতেও তহবিল দেওয়া হবে।