যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিন সমাজে ক্ষমতাধর নারীদের ব্যাপারে অস্বস্তি রয়েছে। তাই সেখানে এখন পর্যন্ত কোনো নারীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা যায়নি। গত রোববার নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নির্বাচনী তহবিল সংগ্রহ-সংক্রান্ত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
বারাক ওবামা বলেন, হিলারির সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হওয়ার কথা নয়। কিন্তু বর্তমান রাজনৈতিক মেরুকরণের ফলে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
অনুষ্ঠানে ওবামা বলেন, ‘আমরা এখনো কোনো নারীকে প্রেসিডেন্ট করিনি। এর পেছনে কোনো কারণ নেই। সমাজব্যবস্থা এখনো নারীকে ক্ষমতাধর হিসেবে মেনে নিতে পারছে না এবং এটা আমাদের নানাভাবে পীড়া দেয়।’ নতুন জরিপগুলোতে দেখা যাচ্ছে হিলারি এবং ট্রাম্পের ব্যবধান কমে আসছে।
এই পরিপ্রেক্ষিতে ওবামা বলেন, ‘এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কোনো কারণই ছিল না। তবে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তা হবে। হিলারির অতীতের ভুলের কারণেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, ব্যাপারটা এমন নয়। বরং সমাজে আমরা এখন বিভক্ত হয়ে পড়েছি।’
ওবামা ট্রাম্পের ব্যাপারে তাঁর বিরক্তি প্রকাশেও কোনো লুকোছাপা করেননি। কয়েক বছর ধরে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ওবামার জন্মগ্রহণ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করে আসছিলেন। তিনি অবশ্য গত শুক্রবার স্বীকার করে নিয়েছেন যে ওবামার জন্ম যুক্তরাষ্ট্রেই।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ২০০৮ এবং ২০১২ সালে যে দুজন রিপাবলিকান প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ট্রাম্প তাঁদের মতো নন। তিনি বলেন, ‘২০০৮ সালে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জন ম্যাককেইন। তাঁর সঙ্গে আমার অনেক পার্থক্য ছিল। কিন্তু প্রেসিডেন্ট পদের জন্য তিনি অযোগ্য ছিলেন, আমি তা বলব না। পরের নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন মিট রমনি। তিনি প্রেসিডেন্ট হলেও তা বড় ধরনের দুর্যোগ হতো বলে মনে করি না আমি। কিন্তু এই লোক (ট্রাম্প) প্রেসিডেন্ট পদের জন্য কোনোভাবেই যোগ্য নন।’