ক্ষমতায় ওবামা, কংগ্রেস বিরোধীদের হাতে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির আইনসভার দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আগেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। এই নির্বাচনে তা আরও সংহত হয়েছে। একই সঙ্গে আট বছর পর উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে দলটি। গত মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর সিএনএন, ওয়াশিংটন পোস্ট ও এএফপির।
নির্বাচনের এই ফল দেশটিতে সরকার পরিবর্তন ঘটাবে না। তবে নতুন আইন বা নীতি গ্রহণের ক্ষেত্রে রিপাবলিকান পার্টি অনেক বেশি শক্তিশালী হবে। যা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার অবশিষ্ট দুই বছর মার্কিন প্রশাসনের ওপর যথেষ্ট প্রভাব ফেলবে।
ফল মেনে নিয়ে রিপাবলিকানদের অভিনন্দন জানিয়েছেন সিনেটে বিদায়ী সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা হ্যারি রিড। নির্বাচন নিয়ে গতকাল বুধবার ভাষণ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। সার্বিক বিষয়ে আলোচনার জন্য ওবামা দুই দলের কংগ্রেস নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
সিনেটের মোট ১০০ আসনের মধ্যে মঙ্গলবার ৩৬ আসনে নির্বাচন হয়। এর মধ্যে ৩৩ আসনের পূর্ণাঙ্গ ফল পাওয়া গেছে। তাতেই সিনেটের নিয়ন্ত্রণ সুনিশ্চিত হয়েছে রিপাবলিকানদের। এখন সিনেটের ৫২টি আসন রিপাবলিকানদের দখলে। বিপরীতে ডেমোক্রেটিক পার্টির আসন ৪৫টি (ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেওয়া দুই স্বতন্ত্র সিনেটরসহ)। অন্য তিনটি আসনের মধ্যে লুইজিয়ানা অঙ্গরাজ্যে কোনো প্রার্থীই জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তাই সেখানে আগামী মাসে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে। আর গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ভার্জিনিয়া ও আলাস্কা অঙ্গরাজ্যের ফল নিশ্চিত হয়নি। মধ্যবর্তী নির্বাচনের আগে সিনেটে ডেমোক্র্যাটদের ৫৩ ও রিপাবলিকানদের ৪৫টি আসন ছিল। দুটি আসনে ছিলেন স্বতন্ত্র সিনেটর।
নির্বাচনে প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের সবগুলোতেই নির্বাচন হয়। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪৬ আসনে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা পেয়েছেন ১৭৬ আসন। বাকি ১৩টির ফল গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়া যায়নি। এই নির্বাচনের আগে রিপাবলিকানদের ২৩৩ ও ডেমোক্র্যাটদের ১৯৯টি আসন ছিল। শূন্য ছিল তিনটি আসন।
মঙ্গলবারই দেশটির ৫০টি গভর্নর পদের মধ্যে ৩৬টিতে নির্বাচন হয়েছে। ৫০টির মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১টিতেই দখলে গেছে রিপাবলিকানদের। ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ১৫টি। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য চারটির ফল নিশ্চিত হয়নি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের যে জোয়ার উঠেছে, তাতে ডেমোক্র্যাটদের ঘাঁটি বলে পরিচিত অনেক আসনই রিপাবলিকানদের হাতে চলে গেছে। প্রেসিডেন্ট ওবামা একসময় ইলিনয় অঙ্গরাজ্যের নির্বাচিত সিনেটর ছিলেন। সেই ইলিনয়ে সিনেটর পদটি ধরে রাখতে পারলেও প্রতিনিধি পরিষদ ও গভর্নর পদ দুটিই হাতছাড়া হয়েছে ডেমোক্র্যাটদের।
আট বছর পর সিনেটের নিয়ন্ত্রণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিনিধি পরিষদে দলের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উচ্ছ্বসিত রিপাবলিকান নেতা-কর্মীরা। রিপাবলিকান নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, ‘এখন উদ্যাপন করার সময় নয়। অথর্নীতিসহ যেসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জের মুখোমুখি, সেই চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য কাজ শুরু করার সময়।’
সিনেটে নতুন সংখ্যাগরিষ্ঠ দলের সম্ভাব্য নেতা সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন, ‘জনগণ ডেমোক্র্যাটদের প্রতি আস্থা হারিয়ে আমাদের সমর্থন দিয়েছেন। ডেমোক্র্যাটদের নীতি প্রত্যাখ্যান করেছেন।’
প্রতিনিধি পরিষদে সর্বকনিষ্ঠ নারী: নিউইয়র্ক থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন রিপাবলিকান নেতা এলিস স্টেফানিক। ৩০ বছর বয়সী এই নারী মার্কিন প্রতিনিধি পরিষদের সর্বকনিষ্ঠ নারী সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন।
রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসে তাঁর ঘনিষ্ঠ কর্মী ছিলেন এলিস স্টেফানিক।
এর আগে সবচেয়ে কম বয়সী প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন ৩১ বছর বয়সী এলিজাবেথ হোলৎজম্যান। ১৯৭২ সালে তিনি নির্বাচিত হন ব্রুকলিন থেকে।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান প্রথম কৃষ্ণাঙ্গ নারী: রিপাবলিকান পার্টি মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মিয়া লাভ।
১৮৬৫ সালে শেষ হওয়া মার্কিন গৃহযুদ্ধ-পরবর্তী কয়েক বছরের কথা বাদ দিলে ৩৮ বছর বয়সী মিয়া লাভই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে ইউটা অঙ্গরাজ্য থেকে জয়ী হয়ে প্রতিনিধি পরিষদে যাচ্ছেন।