ক্ষমতার অপব্যবহার করেছিলেন ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিকা লিউনস্কি
মনিকা লিউনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে বিল ক্লিনটনের সঙ্গে মনিকা লিউনস্কির সম্পর্কের বিষয়টি একসময় দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। বিভিন্ন সময় ওই সম্পর্কের বিষয়ে কথা বলেছেন মনিকা। হ্যাশট্যাগ মি টু আন্দোলন নিয়ে ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি লেখায় আবার আত্মপক্ষ সমর্থন করলেন তিনি।
আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
মনিকা লিখেছেন, ‘ওই সম্পর্ক ছিল প্রেসিডেন্টের দিক দিয়ে পুরোপুরি ক্ষমতার অপব্যবহার।’

নিজের থেকে ২৭ বছরের বড় প্রেসিডেন্টের সঙ্গে যখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন মনিকা লিউনস্কির বয়স ২২ বছর। সে সময় হোয়াইট হাউসে শিক্ষানবিশ কর্মী হিসেবে ছিলেন তিনি। এই কেলেঙ্কারির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মনিকা লিউনস্কি। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভোগেন তিনি।

মনিকা বলেন, মিডিয়ায় ওই কেলেঙ্কারি ফাঁস এবং আদালত পর্যন্ত যাওয়ায় সামাজিকভাবে বিচ্ছিন্ন ও একঘরে হয়ে গিয়েছিলেন তিনি। সে কারণেই মানসিক বিপর্যয় ঘটে।

১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খবরের শিরোনাম হয়েছিল প্রেসিডেন্ট ও শিক্ষানবিশ মনিকার সম্পর্কের বিষয়টি। ক্লিনটন-মনিকার সম্পর্কের খবর জানাজানি হওয়ার পরই হিলারিকে পাশে বসিয়ে এক সংবাদ সম্মেলনে ক্লিনটন বলেছিলেন, ‘আমি মনিকার সঙ্গে কোনো শারীরিক সংসর্গে জড়াইনি।’ এরপর ক্লিনটন নিজে মনিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। এ ঘটনায় রিপাবলিকানরা ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে দেন। পরবর্তী সময়ে তা ব্যর্থ হয় এবং ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে বহাল ছিলেন ক্লিনটন।

৪৪ বছরের মনিকা বলেন, ২০১৪ সালে এ সম্পর্কের বিষয়ে তিনি যা বলেছিলেন, সেই মন্তব্য এখনো সমর্থন করেন তিনি। তাঁদের সম্পর্কটা পরস্পরের সম্মতিতেই হয়। তবে তাঁদের সম্পর্কের মধ্যে বিশাল শক্তির ফারাক ছিল। তিনি বলেন, ওই সময় এর পরিণতির বিষয়ে তেমন বুঝতে পারেননি তিনি। তবে এখন প্রতিদিনই অনুশোচনা করেন।

মনিকা বলেন, ‘অভিধানে “সম্মতি” শব্দটির একটি সংজ্ঞা আছে। সেটি হলো, কাউকে কোনো “কিছু” করতে অনুমতি দেওয়া। এই ঘটনায় “কিছু” মানেটা কী? তাঁর ক্ষমতা তাঁর অবস্থানের মাঝে আমার বয়স? তিনি আমার বস ছিলেন। তিনি ছিলেন এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আমার চেয়ে ২৭ বছরের বড়। জীবন সম্পর্কেও তাঁর অভিজ্ঞতাও ছিল অনেক।’

লেখায় যৌন নির্যাতনের বিরুদ্ধে নারীদের সামনে এগিয়ে আসার বিষয়টিও তুলে ধরেন মনিকা। হ্যাশট্যাগ মি টুতে নিজের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি লেখেন, ওই ঘটনার সময় তিনি খুব একা ছিলেন।