ক্ষমা চাইবেন না ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নারী সাংবাদিককে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। ট্রাম্প বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। খবর এএফপির।
গত সপ্তাহে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রার্থীদের টিভি বিতর্কে অংশ নেন ট্রাম্প। ফক্স নিউজের নারী সাংবাদিক মেজিন কেলি ওই বিতর্ক সঞ্চালন করছিলেন। বিতর্কে কেলি ট্রাম্পকে বেশ শক্ত কয়েকটি প্রশ্ন করেন। পরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাংবাদিক কেলির করা প্রশ্ন সম্পর্কে বলেন, ‘আমার মনে হচ্ছিল তাঁর চোখ থেকে ঠিকরে রক্ত বের হচ্ছে। শরীরের অন্যত্র থেকেও রক্ত বেরোচ্ছিল মনে হয়।’ ট্রাম্পের এই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলছেন, ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে কেলির ঋতুচক্র চলছিল।
তবে ধনকুবের ট্রাম্প রোববার ওই সমালোচনা প্রসঙ্গে বলেন, ‘কেবল “অসুস্থ” এবং “অনৈতিক” লোকজনের মনেই এমন ভাবনা আসতে পারে। আমি নারীদের শ্রদ্ধা করি, তাদের সহযোগিতাও করতে চাই।’
দলের অন্যান্য মনোনয়নপ্রত্যাশী ও বুদ্ধিজীবীরা তবে তাঁর মন্তব্যের এমন ব্যাখ্যা কেন করছেন—প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনোনয়নের দৌড়ে এগিয়ে আছি। তাঁরা রাজনৈতিকভাবে বিষয়টি ব্যবহার করতে চান।’