ক্ষমার ক্ষমতা প্রেসিডেন্টের আছে: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যে কাউকে ক্ষমা করার পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।’ ২২ জুলাই সকালে এক টুইটার পোস্টে তিনি এ কথা বলেন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে নিজ পরিবারসহ অনেক ঘনিষ্ঠজনের নাম উঠে আসার পরিপ্রেক্ষিতেই তিনি এ কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। 

নির্বাচনী প্রচারণার সময় রুশ সংযোগের বিষয়ে এফবিআই পরিচালিত তদন্তে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ ক্রমাগত বাড়ছে। ট্রাম্প জুনিয়রসহ ট্রাম্প-ঘনিষ্ঠদের সবাই রয়েছেন তদন্তকারী সংস্থাগুলোর নজরদারিতে। এ অবস্থায় এক ধরনের দায়মুক্তির পথ খুঁজছেন ট্রাম্প। এ ধরনের কোনো বিষয়ে জড়িতদের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে কিনা ট্রাম্পের আইনি পরামর্শকেরা তা জানার চেষ্টা করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ হয়েছে আগেই। এরই ধারাবাহিকতায় ২২ জুলাই তিনি এ ‘ক্ষমতা প্রেসিডেন্টর রয়েছে’ বলে টুইট করেন। ওই টুইটার পোস্টে তিনি লেখেন, ‘যখন সবাই বলছে, ক্ষমা করার পূর্ণাঙ্গ ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে, তখন ভুয়া সংবাদমাধ্যমে আমাদের বিষয়ে তথ্য ফাঁসের মতো অপরাধ নিয়ে কেন চিন্তিত হতে হবে।’
২২ জুলাই সকাল থেকে দুই ঘণ্টায় ট্রাম্প মোট ১০টি টুইট করেন। এর কোনোটিতে তিনি ওয়াশিংটন পোস্টে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন সম্পর্কিত ‘বেআইনি তথ্য ফাঁসের’ বিরোধিতা করেন। কোনোটিতে হিলারি ক্লিনটন ও সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। আবার কোনোটিতে ওবামাকেয়ারকে ‘মৃত’ ঘোষণা করেন ট্রাম্প।