ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে তিনটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন। নগরের ব্যবসা সহায়তা বিভাগের কমিশনার জোনাল ডোরিসের সঙ্গে আলোচনার মাধ্যমে ২৫ নভেম্বর এ সহায়তা প্রকল্প ঘোষণা করা হয়।

করোনাভাইরাসের তাণ্ডবে গত প্রায় আট মাস ধরে নিউইয়র্ক নগরজুড়ে আনুমানিক ৬০ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তাদের আর্থিক সহায়তা দিতে শর্তসাপেক্ষে নগর কর্তৃপক্ষ বেশ কয়েকটি উদ্যোগ নেয়, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বল্প সুদের ঋণ প্রকল্প ‘নিউইয়র্ক এলএমআই স্টোর ফ্রন্ট লোন’। এ ছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক এলাকায় সহায়তা গ্রান্ট প্রকল্পের অধীনে অনেক ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করা হয়।

মেয়র কার্যালয়ের ক্ষুদ্র ব্যবসা সহায়তাকারী বিভাগের ঘোষণা মোতাবেক উল্লেখিত ঋণের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই নিম্ন আয়কারী হিসেবে চিহ্নিত জিপ কোডে থাকতে হবে। এ ছাড়া এই ঋণের জন্য শুধু ২০১৮ সাল থেকে পরিচালনা করা প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ ৯৯ জন পর্যন্ত হতে পারবে।

এ সম্পর্কিত আবেদনসহ যাবতীয় নিয়মাবলি জানতে ৩০ নভেম্বর থেকে ভিজিট করুন NYC.gov/storefront loan—ওয়েব ঠিকানায়। আবেদনকারীদের সুবিধার জন্য নগর কর্তৃপক্ষ করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ও এই ঋণ পাওয়ার যোগ্য এলাকাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।

নগর কর্তৃপক্ষের তৈরি করা তালিকায় রয়েছে ব্রুকলিনের বেডফোর্ড স্টাইভসেন্ট, ব্রাইটন বিচ, ব্রাউন্সভিল, বুশউইক, ক্যানারাইজ, ইস্ট ফ্ল্যাটবুশ, ইস্ট নিউইয়র্ক, স্টারেট সিটি, সানসেট পার্ক ও কনি

আইল্যান্ড এবং ব্রঙ্কসের কর্টোনা, ইস্ট ট্রিমন্ট, হাই ব্রিজ, হান্টস পয়েন্ট, জেরমো পার্ক, লংউড মেলরোজ, মরিস হাইটস, মরিসানিয়া, মট হেভেন, সাউন্ড ভিউ ব্রাকনার ও ভ্যান কোর্টল্যান্ড পার্ক। ম্যানহাটনের এলাকাগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল হারলেম, চায়না টাউন, ইস্ট হারলেম, হ্যামিল্টন হাইটস, ইনউড, লোয়ার ইস্ট সাইড, মর্নিংসাইড হাইটস, ওয়াশিংটন হাইটস। রয়েছে কুইন্সের ব্রেয়ার উড, করোনা, জ্যামাইকা, কুইন্স ব্রিজ ও রকওয়েস এবং স্ট্যাটেন আইল্যান্ডের সেন্ট জর্জ ও স্টেপেলেন্টন।

এ ছাড়া ব্যবসার জন্য গৃহীত ঋণের সুদ হার কমাতে সহায়তা প্রকল্পের খবর জানতে নগরীর ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সহায়তা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে NYC.gov/edfigrant—ওয়েবসাইটে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।