ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতে মঞ্চে স্যান্ডার্স

ডেমোক্রেটিক পার্টির ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতে দলের মূল সম্মেলন শুরু হওয়ার আগেই এক দফা বক্তব্য দিলেন বার্নি স্যান্ডার্স। বক্তব্যে সমর্থকদের উদ্দেশ্যে তিনি দলের সংস্কার এবং প্রগতিশীল ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন।
হিলারি ক্লিনটনকে ঐতিহাসিক ফিলাডেলফিয়া নগরে স্থানীয় সময় সোমবার বিকেলে দলের জাতীয় সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। মাত্র একদিন আগে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির প্রধান কংগ্রেসওম্যান ডেবি ওয়াসারম্যান শুলজকে সরে দাঁড়াতে হয় ইমেইল কেলেঙ্কারির দায় নিয়ে। বাছাই পর্বে ডেমোক্রেটিক দলের যুব তরুণদের মধ্যে জাগরণ সৃষ্টি করা স্যান্ডার্স সমর্থকেরা দলীয় প্রার্থী হিসেবে হিলারিকে মেনে নিতে পারছেন না। তারাই সম্মেলন কেন্দ্রের আশপাশে টানা প্রতিবাদ করছে। প্রতিবাদী লোকজন হিলারির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।
ডেমোক্রেটিক দলের চরম অস্থিরতার মধ্যে স্যান্ডার্স ও অন্য জাতীয় নেতারা দলে ঐক্য আনার চেষ্টা করছেন। সম্মেলন শুরু হলে প্রথম অধিবেশনে স্যান্ডার্সের বক্তব্য দেওয়ার কথা ছিল। পরিস্থিতির বাস্তবতায় অনেকটাই অনির্ধারিতভাবে ক্ষুব্ধ সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য দেন স্যান্ডার্স। তিনি বলেছে, এবারের সম্মেলনের মধ্য দিয়ে দলের সুপার ডেলিগেটের সংখ্যা কমিয়ে আনা হবে। দলের প্রাতিষ্ঠানিক নেতৃত্বের বদলে সবার এগিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, দল আগামী দিনে সমগ্র দেশে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হবে। তারপরও হাজারো ক্ষুব্ধ সমর্থক সম্মেলন কেন্দ্রের বাইরে তাদের প্রতিবাদী শোভাযাত্রা অব্যাহত রেখেছে।
দলের জাতীয় কমিটির সভাপতি ডেবি ওয়াসারম্যান শুলজ পদত্যাগ করলেও এবারের জাতীয় সম্মেলনে তাঁর সভাপতিত্ব করার কথা ছিল। প্রথমে জানানো হয়েছিল তাঁর পদত্যাগ সম্মেলনের পর থেকে কার্যকর হবে। সর্বশেষ জানা গেছে, চাপের মুখে তাঁর সম্মেলনে মঞ্চে থাকা হচ্ছে না। সম্মেলন কেন্দ্র থেকে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ডেবি ওয়াসারম্যান শুলজ নিজেই সম্মেলন মঞ্চে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন।
স্যান্ডার্স তাঁর বক্তব্যে বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন। মার্কিন ইতিহাসে ‘জঘন্যতম’ প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিভেদ সৃষ্টিকারী এবং ভয়ংকর উল্লেখ করে তিনি ট্রাম্পকে ঠেকাতে ঐক্যবদ্ধ হতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।