পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন ১২ নভেম্বর
খলিল-আম্বিয়ার ব্যর্থতায় মসজিদের বিরুদ্ধে মামলা হয়
>নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের আসন্ন নির্বাচনে মোস্তাক–খলিল (এ গ্রুপ) ও নাজিম–নজরুল (বি গ্রুপ) প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১২ নভেম্বর এই নির্বাচন হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দুটি প্যানেলের পক্ষে সংবাদ সম্মেলন করে একে অন্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ এনেছে। দুই পক্ষই নিজেদের মসজিদের সত্যিকারের সেবক বলে দাবি করে।

নাজিম–নজরুল প্যানেল অভিযোগ করেছে, মোশতাক চৌধুরী ও আম্বিয়া মিয়া মসজিদের ২০১৭ সালের হালনাগাদ হিসাব দেখাতে পারবেন না। তাঁদের কারণে মসজিদের আয়কর জমা দেওয়া যায়নি। তাঁরা সদস্য সংগ্রহে অনিয়ম করেছেন।
৮ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের ক্যাসলহিলে মার্কস হোম কেয়ার অফিসে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের আসন্ন নির্বাচনে ‘মুসল্লিদের পরিষদ’ নাজিম-নজরুল প্যানেলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
বিজয়ী হলে পরিষদটি শিগগিরই চার বছরের হিসাব সাধারণ সভায় উত্থাপন করবে। অনতিবিলম্বে ইসলামি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিম-নজরুল প্যানেল ও নীল দলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. নজরুল হক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাজিম-নজরুল পরিষদের সভাপতি প্রার্থী সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহসভাপতি ফয়জুর রহমান চৌধুরী, সংস্কৃতি সম্পাদকপ্রার্থী মো. আবদুল হাই, রক্ষণাবেক্ষণ-বিষয়ক সম্পাদক প্রার্থী মো. রেজাউল ইসলাম, শিক্ষা সম্পাদক প্রার্থী সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সদস্য আলমাছ আলী, কামাল উদ্দিন ও শালিক সিকদার প্রমুখ। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও তাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিগত নির্বাচনে নাজিম প্যানেল ১৩টি পদে জয়ী হয়ে কমিটি গঠন করে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সভাপতি হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি সভাপতির দায়িত্ব না পাওয়ায় বর্তমান সভাপতির ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। কারণে-অকারণে অন্যান্য সদস্যদের হুমকি-ধমকি দিয়ে সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছেন। সাধারণ সম্পাদক এখন তাঁর ঈপ্সিত সভাপতি পদপ্রার্থী। তিনি এবার আপন বলয়ে ফিরে গিয়েছেন। যাদের তিনি মসজিদের ডলার নয়-ছয় করাতে সহযোগিতা করেছিলেন এবং সভাপতিকে সরিয়ে দেওয়া হিসাব এখন তাদের হাতে তুলে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সদস্য হওয়ার শেষ দিন রাত ১২টার পর গোপনে বিনা ডলারে ৭৬টি ভোটার বানাতে চেয়েছিলেন। সহসভাপতি নূরুল হুদা চৌধুরী, আলমাস আলী, ফারুক চৌধুরীসহ অন্যান্যরা সেখানে থাকাতে তাদের অপচেষ্টা নস্যাৎ হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৫ আগস্ট ছিল চেকের মাধ্যমে সদস্য হওয়ার শেষ দিন। কিন্তু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ কী করে বিতর্কিত ও মসজিদের ক্ষতিকারক একটি করপোরেশনের একটি চেকে প্রায় ৯ হাজার ডলারের ভোটার বানান। সাধারণ সম্পাদক ২০১৫ সালের আজীবন সদস্যদের নাম হালনাগাদ করতে গিয়ে অনেককে তালিকা থেকে বাদ দিয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২ জুন প্রকাশিত একটি পত্রিকার বিজ্ঞাপনের জবাবে ৯ জুন কমিটিকে না জানিয়ে মোশতাক-আম্বিয়া আরেকটি বিজ্ঞাপনে সাফাই দিয়েছিলেন, সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট দিয়ে অডিট করাবেন। কোথায় সেই অডিট? মোশতাক-আম্বিয়ার দুরভিসন্ধির কারণে ৩ বছর আয়কর জমা হয়নি। খলিলুর রহমান দুবার সাধারণ সম্পাদক থাকাকালে কোনো হিসাব দেননি।
লিখিত বক্তব্যে বলা হয়, মসজিদ পরিচালনায় খলিল-আম্বিয়াদের ব্যর্থতার কারণে ২০১৪ সালে মসজিদের বিরুদ্ধে মামলা হয়। মোশতাক চৌধুরীর অযোগ্যতায় এখন তা বিচারের পথে। অনিয়ম ঢাকতে মোশতাক-খলিল-আম্বিয়া এক জোট হয়েছেন। নির্বাচনী মাঠে নাজিম-নজরুল পরিষদকে হেয় করার চেষ্টা করছেন তাঁরা। প্রতি কমিটির দুটি সাধারণ সভা করার কথা। ২০১৬ সালের সাধারণ সভায় ২০১৬-এর হিসাব উপস্থাপন করা হয়। ২০১৪-২০১৫ সালের হিসাব উত্থাপিত হয়নি।