খান'স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা যাচ্ছেন মূলধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খান’স টিউটোরিয়ালের অনুষ্ঠানে অন্য অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারপারসন নাঈমা খান (পেছনে)
খান’স টিউটোরিয়ালের অনুষ্ঠানে অন্য অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারপারসন নাঈমা খান (পেছনে)

খান’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ছেন আমেরিকার মূলধারার বিভিন্ন পেশায়। মেধা ও যোগ্যতাবলে তাঁরা আমাদের কমিউনিটি তথা বাংলাদেশের জন্য সুনাম ও অর্থ দুটোই অর্জন করছেন।

আমেরিকায় বাংলাদেশি মালিকানাধীন কোচিং সেন্টার খান’স টিউটোরিয়ালের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য প্রসঙ্গে উত্তর আমেরিকা থেকে প্রকাশিত প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপকালে এভাবে নিজের প্রতিক্রিয়া বর্ণনা করলেন খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান।

প্রথম আলো উত্তর আমেরিকা অফিসের পক্ষ থেকে নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন প্রাচীনতম এই কোচিং সেন্টারের বিভিন্ন দিক নিয়ে চেয়ারপারসন নাঈমা খানের আলাপ হয়। অতীত থেকে বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ নিয়ে কথা হয়। অতীতকে স্মরণ করে তিনি সাফল্যের গল্প শোনান।

নাঈমা খান বলেন, ‘এ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের সেবা নিয়ে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী বিভিন্ন পেশায় জায়গা করে নিয়েছেন। মাঝে মাঝে আমাদের কোনো শিক্ষার্থী স্বেচ্ছায় আমাদের সঙ্গে দেখা করেন। তাঁরা ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন খান’স টিউটোরিয়ালের। এ পর্যন্ত যাঁরা এসে দেখা করেছেন, তাঁদের মধ্যে ৬০-৬৫ জন চিকিৎসা পেশায় প্রবেশ করেছেন। শতাধিক ফার্মাসিস্ট ও ৮০-৯০ জন আইটি প্রকৌশলী হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। ডা. সালমান শাহ নামের একজন শিক্ষার্থী লং আইল্যান্ডের মেসো কাউন্টির একটি হাসপাতালের পরিচালক হিসেবে কাজ করছেন। রয়েছেন বহু অ্যাটর্নি ও ব্যারিস্টার।’

নাঈমা খান আরও বলেন, ‘মূলত খান’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ছেন আমেরিকার মূলধারার বিভিন্ন পেশায়। মেধা ও যোগ্যতাবলে তাঁরা আমাদের কমিউনিটি তথা বাংলাদেশের জন্য সুনাম ও অর্থ দুটোই অর্জন করছেন। প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা কোনো না কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছেন। আমার বিশ্বাস, ভবিষ্যতে তাঁরা আরও ব্যাপক হারে মূলধারার বিভিন্ন শাখায় আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন।’

খান’স টিউটোরিয়ালের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের সমিতি গঠন করা হবে কি না জানতে চাইলে নাঈমা খান বলেন, ‘আমরা খান’স প্রফেশনাল নেটওয়ার্ক গঠনের জন্য কাজ করছি। পুরোনো শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। আমরা সমষ্টিগত ও সম্মিলিতভাবে মিলিত হতে চাই। নতুন শিক্ষার্থীরা প্রত্যাশিত জায়গায় যেতে যেন প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, এমনকি সহযোগিতা ও প্রেরণা পান, সে উদ্দেশ্যেই একটি নেটওয়ার্ক গঠন করা হবে। একইভাবে আমরা আমাদের প্রাক্তন অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছি।’

বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন বলেন, ‘এ নিয়ে বিপাসহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে, এ ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা কেবল বাচ্চাদের মূলধারায় প্রবেশ করানোর কাজে সহযোগিতা করতে চাই। এ ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি এবং আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।’

নাঈমা খান তাঁর চিকিৎসক ছেলে ইভান খানকে চিকিৎসকের পেশায় যেতে না দিয়ে কোচিং সেন্টারে কেন জড়িয়েছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা তাকে জড়াইনি। সে নিজেই স্বেচ্ছায় তার বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে ধরে রাখতে চায়। এটা বাবার স্মৃতি। এ স্মৃতি সে হারাতে চায় না।’

নাঈমা বলেন, ‘চিকিৎসক হিসেবেও ইভান খান কাজ করছে। প্রতিদিন রোগী দেখে বাসায় ফিরে রোগীদের অবস্থার কথা মনে করে সে বিমর্ষ থাকত। এখন তার সে সমস্যা নেই। সে বাচ্চাদের নিয়ে আনন্দে থাকে। তাদের উন্নতি দেখে সে খুশি হয়। এভাবে সে সফল হচ্ছে। এসব শিক্ষার্থীই এখন তার চিন্তা-চেতনার মধ্যে বিরাজ করে। কীভাবে তাদের আরও ভালোভাবে সাহায্য করা যায়, তাদের যোগ্যতাসম্পন্ন করা যায়—এটাই তার সার্বক্ষণিক গবেষণার বিষয়।’

নিজের কথা বলতে গিয়ে নাঈমা খান বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে এমবিএ পড়ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১২ ক্রেডিট নিয়ে ১৯৮৫ সালে আমেরিকায় আসেন। এখানে নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিষয়ে¯স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্ট্যাডিজ বিভাগ খোলা হলে ১৯৯২ সালে তিনি ওই বিভাগে যোগ দেন। ১০ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে তিনি নিউইয়র্ক বোর্ড অব এডুকেশনের অধীনে বিদ্যালয়ে ১৪ বছর শিক্ষক হিসেবে কাজ করেন। ২০০৩ সালে তিনি খান’স টিউটোরিয়ালে যোগ দেন।

একটি টেকসই প্রতিষ্ঠান হিসেবে বংশানুক্রমে খান’স টিউটোরিয়ালকে ধরে রাখতে চান কি না জানতে চাইলে নাঈমা খান বলেন: ‘আশা করি। কোন কোন দেশের বংশোদ্ভূত শিক্ষার্থীরা বর্তমানে খান’স টিউটোরিয়ালের সেবা নেন, এমন প্রশ্নের জবাবে নাঈমা খান বলেন, ‘বাংলাদেশ, চীন ও চীনের তিব্বত, নেপাল, ভারত, পাকিস্তান, গায়ানা, ত্রিনিদাদ ইত্যাদি দেশের নতুন প্রজন্ম কিংবা এসব দেশ থেকে আসা শিক্ষার্থীরা বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে রয়েছেন। বর্তমানে প্রতি সপ্তাহে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত আসেন।’

খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন বলেন, তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে ১১টি শাখার ১৮টি জায়গায় ৪০০ জনের বেশি কর্মী কাজ করছেন, যাঁদের মধ্যে ৩৫০ জন শিক্ষক। বাকি ৫০ জন ব্যবস্থাপক ও পরিচালক হিসেবে কাজ করছেন। প্রতি টেবিলে পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক রয়েছেন। ৮০ শতাংশ শিক্ষক ও শিক্ষার্থী বাংলাদেশি।

শিক্ষকেরা কেমন পারিশ্রমিক পান জানতে চাইলে নাঈমা খান বলেন, তাঁদের লোভনীয় বেতন দেওয়া হয়। বেতন ছাড়াও সব ধরনের আয়কর, স্বাস্থ্যবিমা, ওয়ার্কম্যান কমপেনসেশন ইত্যাদি দেওয়া হয়। সার্বক্ষণিক কাজ করেন এমন ১০ জন পরিচালককে বছরে বেতনসহ দুই সপ্তাহের ছুটি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির প্রধান বলেন, ‘অর্থ সঞ্চয় এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের আয়ের সিংহভাগই আমরা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করি। শিক্ষক-কর্মীদের বেতন ছাড়াও শিক্ষার্থীদের জন্য বছরে আমরা যে দুটি বিশাল অনুষ্ঠানের ব্যবস্থা করি, তাতেই মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়ে যায়। প্রতিবছর নভেম্বর ও এপ্রিলে দুবার এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।’

নাঈমা খান জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে প্রতিবছর সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী গণিতে ও ইংরেজিতে সর্বোচ্চ চারের মধ্যে চার পেয়ে থাকেন। ২০১৬ সালে ৫৭০ জন এবং ২০১৭ সালে ৭২১ জন গণিতে ও ইংরেজিতে চারে চার পেয়েছেন। ১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ২০ বছরে খান’স টিউটোরিয়ালের ২ হাজার ৬১৫ জন শিক্ষার্থী বিশেষায়িত বিদ্যালয়গুলোতে (স্পেশালাইজড স্কুলে) ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

প্রতিষ্ঠানপ্রধান বলেন, ‘খান’স টিউটোরিয়ালের অবদান এখন বিশ্বব্যাপী স্বীকৃত। এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কেবল ২০১৭ সালেই আমাকে তিনটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে তিনটি সম্মাননা দেওয়া হয়েছে। সংস্থাগুলো হলো: ইউনেসকো অ্যাসোসিয়েশন, ইউএন ড্যানি গ্লোভার ও বিশ্বের ১৮টি দেশের কনসাল জেনারেলদের সমন্বয়ে গঠিত সংস্থা অর্গানাইজেশন ফর ফরেন কনস্যুলেট।’

বিভিন্ন কমিউনিটি তথা অভিভাবকদের উদ্দেশে তাঁর কোনো বার্তা রয়েছে কি না জানতে চাইলে এই নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম যেন আরও ভালো ফলাফল করে ভালো বিদ্যালয়ে ভর্তি হতে পারে, সে প্রচেষ্টা আমরা আরও জোরদার করব। আর প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করি। তাঁদের সক্রিয় সহযোগিতা ছাড়া আমাদের একক প্রচেষ্টায় কোনো সাফল্য আসবে না। তাঁরাই তাঁদের সন্তানদের নতুন দিগন্তে নিয়ে যাওয়ার মূল কান্ডারি। তাঁরা সব সময় সজাগ থাকবেন, তাঁদের সন্তানদের পরিশ্রমী হতে অনুপ্রেরণা জোগাবেন—এটাই আমাদের বিশ্বাস ও প্রত্যাশা।’