খালাম্মা-বিষয়ক উপাখ্যান
যাপিত জীবনে চলার পথে অনেক ঘাত প্রতিঘাত কত অধ্যায় পেরিয়ে কখন কোথায় জীবন তার রং বদলায়, কেউ কি কখনো ঠাহর করতে পারে? জীবনের সান্নিধ্যে এসে জলরং, আর তেলরঙের মিলিত ক্ষেত্রের কাঙ্ক্ষিত সীমানা নির্ধারণে কেউ কি কখনো সাফল্য লাভে সক্ষম হয়েছে? যদি কেউ হয়ে থাকে, তবে তারই পথের সন্ধানে আমার এই পথ চলা। কাঙ্ক্ষিত জীবনের সাফল্যের চাবির সন্ধানে আমার পাড়ি জমানো স্বপ্নের দেশ আমেরিকায়।
প্রবাসে এসে কাজের সুবাদে কত ভাষাভাষী মানুষ, কত দেশ, কত প্রান্তর পেরিয়ে কত সংস্কৃতি, কত ধর্ম-বর্ণের মানুষের সান্নিধ্যে এসেছি, তার ইয়ত্তা নেই। তেমনি এক শ্বেতাঙ্গ নারীর সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছিল আমার—আজ তারই উপাখ্যান নিয়ে হাজির হয়েছি আমি।
মিস কেতি নামের ব্রিটিশ বংশোদ্ভূত এক বৃদ্ধাকে আমরা খালাম্মা বলে সম্বোধন করতাম। প্রথম প্রথম খালাম্মা ডাক শুনে ভীষণ রকম ক্ষেপে যেতেন তিনি। হয়তো মনে করতেন, আমরা তাঁকে উত্ত্যক্ত করছি। পরে যখন আমাদের আচার আচরণ তাঁকে বিমোহিত করে, তখন তিনি ধীরে ধীরে একান্ত সুহৃদ ভেবে কাছে টেনে নিলেন।
প্রথমে খালাম্মা ডাকার কারণে অনেক বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। বিরক্ত হয়ে বলতেন, আমার নাম মিস কেতি। তোমরা অন্য নামে আমাকে ডাকতে পার না। কিন্তু যখন খালাম্মা ডাকার মাহাত্ম্য বর্ণনা করলাম, তখন ভদ্রমহিলা অনেকটা শান্ত হলেন। নকল দাঁতের ফাঁকে একটু মিষ্টি হাসির ঝলক দিয়ে গোলাপি ঠোঁটের আভা ছড়িয়ে দিতেন কুঁচকানো সারা মুখে। ৮৫ বছর বয়সী এই নারী ছিলেন খুব টিপটপ। লিপস্টিক, নেইল পালিশের সঙ্গে চমৎকার সব ব্র্যান্ডের পোশাক ও অলংকার পরতেন। সঙ্গে ম্যাচিং জুতো। সর্বদাই একটা আভিজাত্যের ছাপ ছিল তাঁর মধ্যে।
দিনদিন খালাম্মার উপস্থিতি বাড়তে লাগল। তাঁর আগমনে আমরাও পুলকিত হতাম। খালাম্মা আসার পরপরই কাজের ফাঁকে ফাঁকে শুরু হতো আলাপ। খালাম্মা তাঁর স্বভাবসুলভ ব্রিটিশ উচ্চারণে শুরু করতেন তাঁর ব্যক্তিগত ফিরিস্তি। ব্রিটেনে দাম্পত্য জীবনের সুখ দুঃখের কথা, হাসি-কান্নার কথা। বলতেন ব্রিটেনে রেখে আসা তাঁর তিন পুরুষের কথা। ব্রিটিশ স্বামী মারা যাওয়ার পর ডেভিড নামের এক মার্কিন নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ডেভিড ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন নিয়মিত সৈনিক। ডেভিড ছিলেন কেতির চেয়ে দশ বছরের ছোট। কিন্তু তাঁদের মধ্যে ছিল দারুণ প্রেম। মিস কেতির ভাষায় ডেভিড ছিলেন খুবই শান্ত স্বভাবের এক মানুষ। যুদ্ধের উন্মাদনা নেই। খালাম্মার ভাষায় ভাগ্যের কী নির্মম পরিহাস, একদিন ডেভিডও চুপসে গেলেন, কঠিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন।
এ সব গল্প বলতে গিয়ে খালাম্মা আবেগে আপ্লুত হয়ে যেতেন। বিন্দু বিন্দু অশ্রুধারা দেখা যেত তাঁর চোখে। বলতেন, ‘এটাই জীবন।’ আমি অবাক হয়ে ভাবতাম বাঙালি আর ভিন্ন ভাষাভাষীদের জীবন ভাবনা কি একই? হয়তো খালাম্মা অনেক স্মৃতিবিজড়িত ঘটনা দেখেছেন। স্বপ্নে দেখা সুখ পাখিকে উড়িয়ে দেননি নির্ঘাত ঢিল ছুড়ে। হয়তো জীবনের উষ্ণতায় গড়তে চেয়েছেন সুখের নীড়। সুখটাকে কেউ বা পেতে চায় হাতে হাতে দৃঢ়তার সঙ্গে, কারও স্বপ্ন আবার বিলীন হয়ে যায় ফুলের পাপড়ি শুকোবার আগেই। আমি খালাম্মার জীবনকে উপলব্ধি করার চেষ্টা করতাম। তালগোল পাকিয়ে যেত। মনে হতো একটা সুখ পাখি একদিন তার ভালোবাসা আর সুখের গল্প বলতে গিয়ে কীভাবে যোজন যোজন দূরে চলে গেল!
ইতিমধ্যে মাস তিনেক হয়ে গেছে খালাম্মার পদার্পণ ঘটেনি আমাদের দুয়ারে। এটা আমাদের জন্য সুখকর ছিল না। একটা দুঃখবোধ তাড়া করত আমাদের। কাজের অবসরে আমাদের আলোচনার বিষয় হয়ে ওঠেন খালাম্মা। তাঁকে আমরা সবাই মিস করছি খুব; একটা উদ্বেগ ঘিরে ধরেছে আমাদের। এক দিন খালাম্মার ফোন পেয়ে আমরা নড়েচড়ে বসলাম। খালাম্মা হাসপাতাল থেকে ফোন করেছেন। তাঁর জন্য খাবার পাঠাতে বললেন। খুবই শান্ত ও সাবলীল ছিল তাঁর কণ্ঠ। এত স্বাভাবিক যে, আমাদের বিচলিত হওয়ার কোনো কারণই ছিল না। তবু কালবিলম্ব না করে নির্দিষ্ট ঠিকানায় খালাম্মার পছন্দের খাবার পাঠিয়েছিলাম।
তারপর আবার নীরবতা। খালাম্মা রোগমুক্ত না এখনো অসুস্থ—কোনো খবরই পাচ্ছি না। একদিন খালাম্মা সত্যিই এলেন; কিন্তু অসুস্থ অবস্থায়। ভাড়া করা গাড়িতে করে এলেন। বাড়ির কাছে এসেই ফোন দিলেন গাড়ি থেকে তাঁকে নামিয়ে আনার জন্য। আমাদের সবার জন্য উপহার নিয়ে এলেন এবং সবার কুশলাদি জিজ্ঞেস করলেন। কিন্তু কারও মুখের দিকে তাকালেন না। আমরা প্রথমে কিছুটা অবাক হলাম। পরে খালাম্মাই আমাদের ভুল ভেঙে দিলেন। কোনো কারণে তাঁর ঘাড়ের হাড় ক্ষয়ে গেছে। তাই তাঁর পক্ষে ঘাড় সোজা করে চলা সম্ভব নয়। খালাম্মার জন্য অনেক দুঃখ হলো সেদিন।
মার্চ মাস। আমাদের স্বাধীনতার মাস। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। যথারীতি একদিন খালাম্মা এলেন। খালাম্মাকে আমাদের স্বাধীনতার শুভেচ্ছা জানালাম। তিনি অবাক হয়ে তাকালেন। তারপর জিজ্ঞেস করলেন, ‘তোমরা বাংলাদেশি, তা আগে তো জানতাম না। আমি তোমাদের নিয়ে অনেক গর্বিত। তোমরা এমন এক জাতি, যে ভাষার জন্য রক্ত দিয়েছে, যে স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছে। আমি তাদের সালাম জানাই।’ তিনি আবেগাপ্লুত হয়ে পড়লেন। তারপর যা বললেন, তাতে আমরা সবিস্ময়ে তাঁকে দেখতে লাগলাম।
১৯৭১ সালের জুলাই মাস। মুক্তিযুদ্ধ তখন তুঙ্গে। প্রতি দিন বীর মুক্তিযোদ্ধাদের নতুন নতুন সাফল্যের খবর আসছে। ঠিক সেই সময় তখনকার মার্কিন সরকার আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে। কিন্তু আমেরিকার মুক্তিকামী মানুষ বাংলাদেশের পাশে দাঁড়াল। আমেরিকার সরকার পাকিস্তানিদের সমর্থনে সপ্তম নৌবহর পাঠিয়ে দেয়। এমনই এক সময়ে মানবতার প্রকৃত ঝাণ্ডাধারী কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর আরও এক কিংবদন্তী শিল্পী ওস্তাদ আলী আকবর খান ও মার্কিন বিখ্যাত রক তারকা জর্জ হ্যারিসন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে এক চ্যারিটি শোয়ের আয়োজন করেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের বিখ্যাত মেডিসন স্কয়ার গার্ডেনে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। মোট ৪০ হাজার দর্শক এই কনসার্ট উপভোগ করেন। এতে আড়াই লাখ ডলার সংগ্রহ করা হয়। এই কনসার্টে উপস্থিত ছিলেন আমাদের এই খালাম্মা মিস কেতি। তিনিও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য, বাংলাদেশের জন্য চাঁদা দিয়েছেন।
খালাম্মার কণ্ঠে আমরা জর্জ হ্যারিসনের সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ বাংলাদেশ’ আমরা শুনেছি। এই ঘটনা শোনার পর তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা, আবেগ বহুগুণে বেড়ে গেল। বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে যে নারী সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন, তিনি তো আমাদের অতি আপনজন। তিনি তো আমাদেরই গৌরবের অংশ।
দীর্ঘদিন ধরে মিস কেতি, মানে আমাদের খালাম্মার সঙ্গে যোগাযোগ নেই। তাঁর মতো এমন অনেকেই আছেন, যাদের অবদানের কথা কোথাও লেখা নেই। আজ তাঁকে স্মরণের মধ্য দিয়ে এমন লাখো সুহৃদকে জানাতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মিস কেতি অনেক দিন যোগাযোগ ছিন্ন থাকলেও যেখানেই থাকুন জানবেন, আমাদের প্রাণের পরম শ্রদ্ধার স্থানটিতে আপনি রয়েছেন। যে আত্মীয়-সম্বন্ধের ডাকে ডেকেছি আপনাকে, আপনি তার চেয়েও অনেক বেশি আত্মার মানুষ। আপনি সদা থাকবেন বিশ্বের শান্তিকামী মানুষের সঙ্গে। আপনাকে সালাম।