খালেদা জিয়ার বিপক্ষে লড়তে চান সিদ্দিকুর

আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। লড়তে চান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিপক্ষে। এ ক্ষেত্রে তাঁর পছন্দ বগুড়া-৬ (সদর) আসন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী চাইলে তিনি এখন থেকে এই আসনে নির্বাচনের প্রস্তুতি নেবেন।
বিএনপি চেয়ারপারসনের মতো হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে বগুড়ায় জয়ের কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে সিদ্দিকুর বলেন, তিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। শেখ হাসিনা চাইলে খালেদা জিয়াকে হারিয়ে তাঁর সারা জীবনের এই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে দেখাতে চান। প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সঙ্গে আলাপকালে এমনই আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি। আবার তিনি বলেন, ‘হাতি মরলেও লাখ টাকা। আমি খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করতে চাই, জয়-পরাজয় অন্য বিষয়। জীবনে বলতে পারব, আমি খালেদা জিয়ার বিরুদ্ধে লড়েছি।’
শুধু সাংসদ হয়েই থাকতে চান, না ড. সিদ্দিকুর বলেন, হতে চান মন্ত্রীও। তিনি দাবি করলেন, ‘আমি যেকোনো মন্ত্রণালয় অত্যন্ত সফলভাবে চালাতে পারব বলে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ বলে কোনো সংগঠন ছিল না। আমিই সাফল্যের সঙ্গে এখানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছি। সাত বছর ধরে দায়িত্ব পালন করছি। শেখ হাসিনা চাইলে, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। বগুড়ার ছেলে আমি, বগুড়া থেকেই আমি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করতে চাই। আমি তাঁর বিপক্ষে জয়ী হবই।’
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন সিদ্দিকুর রহমান। তাঁর বিরুদ্ধে দলের একাংশের অভিযোগ, জোর করে সভাপতির পদ ধরে রাখার। পদ ছেড়ে সম্মেলনের মাধ্যমে কমিটি পরিবর্তনের চাপ থাকলেও তিনি শেখ হাসিনার নির্দেশ ছাড়া দায়িত্ব ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বলছেন, ‘একমাত্র শেখ হাসিনা যদি চান, তাহলে আমি সরে যাব। তার আগে এক লাখ মানুষও যদি এখানে স্বাক্ষর সংগ্রহ করে, পদত্যাগ দাবি করে, কোনো কাজ হবে না।’
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপির বর্জন করেছিল। সে কারণে খালেদা জিয়ার আরেক আসন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা-ধুনট) চলে যায় আওয়ামী লীগের দখলে। বর্তমানে ওই আসনের সাংসদ আবদুল মান্নান আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন কি না, এখনো পরিষ্কার নয়। এই আসনে জন্ম সিদ্দিকুর রহমানের। তবে সেই আসন থেকে নয়, তিনি লড়তে চান বগুড়া সদর আসন থেকে।
সিদ্দিকুর বলেন, ‘গ্রামে রাজনীতি করতে হলে সেখানে থাকতে হবে, মাঠঘাট চষে বেড়াতে হবে। মান্নানের বিরুদ্ধে আমি কাজ করতে চাই না। যুক্তরাষ্ট্রে বগুড়ার তিন শতাধিক মানুষ আছেন, যাঁরা বিএনপির রাজনীতি করেন। কিন্তু আমি প্রার্থী হলে তাঁরা আমাকে সমর্থন দেবেন।
খালেদা জিয়া বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে নিয়মিত নির্বাচন করে জয়ী হয়ে আসছেন। এবার যেকোনো একটি আসন তিনি তারেক রহমানের জন্য ছেড়ে দিতে পারেন বলে দলের মধ্যে আলোচনা আছে। খালেদা জিয়া আগের নির্বাচনগুলোতে বগুড়া, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচন করে সব আসনেই জয়ী হন।