
নিউইয়র্কে বিএনপির নেতারা অভিযোগ করেছে, সরকার নির্বাচনকে সামনে রেখে তাদের মিথ্যা প্রচারণার যন্ত্র ব্যবহার করছে। তারা ভুয়া অনলাইন সংবাদ পোর্টাল আর সংবাদমাধ্যম দিয়ে নিজেরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির গল্প বানাচ্ছে।
বিজয় দিবস উপলক্ষে ১১ ডিসেম্বর রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট। তিনি দাবি করেন, ‘মধ্যপ্রাচ্যে জিয়া পরিবারের কথিত সম্পদের কোনো অস্তিত্ব নেই। সামনের নির্বাচনে বেগম খালেদা জিয়ার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতেই এমন আজগুবি তথ্য প্রচার করছে ক্ষমতাসীনরা। এমন অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদেরও রুখে দাঁড়াতে হবে’।
বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে গ্রিনহাউস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক নূরনবী পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াতের পর ব্রুকলিন বিএনপির উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশেষ মোনাজাত হয়। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাও করা হয়।
আবদুল লতিফ আরও বলেন, ‘আবার ভোটারবিহীন নির্বাচনের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিত প্রবাসীরা তা হতে দেবে না। প্রবাস থেকেই ক্ষমতাসীন সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত জোরদার করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, জাসাসের সভাপতি আবু তাহের, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, ব্রুকলিন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হুমাযুন কবীর, সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গোলাম মোহাম্মদ ও সম্পাদক এস এম ফেরদৌস, বিএনপি নেতা মার্শাল মুরাদ প্রমুখ।