খাসোগি হত্যায় আরও তথ্য কই?

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার ব্যাপারে ট্রাম্প প্রশাসন আরও তথ্য সরবরাহে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটররা। এ ব্যাপারে তাঁরা হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে খাসোগি হত্যার ঘটনায় আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রবিষয়ক সিনেটের কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ সম্পর্কে সবশেষ তথ্য জানান দেশটির পররাষ্ট্র ও অর্থ দপ্তরের কর্মকর্তারা। তবে সিনেটররা জানিয়েছেন, তাঁরা নতুন কিছু জানতে পারেননি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘খামাখা সময় নষ্ট হয়েছে। তারা যে তথ্য দিয়েছে, এর চেয়ে আমি অনেক বেশি জানি।’ তিনি আরও বলেন, আরও বেশি কিছু করার ছিল। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
হতাশা প্রকাশ করে রিপাবলিকান সিনেটর মিট রমনি বলেন, ‘এই তথ্য (বৈঠকে পাওয়া) খুব একটা কাজে আসেনি। এ কাজে এত কম অগ্রগতি হতাশ করেছে সদস্যদের।’
কমিটির ডেমোক্র্যাট সদস্য বব মেনেনডেজ বলেন, ‘আমি মনে করি, সিনেটকে এ ব্যাপারে সক্রিয় হতে হবে। তা না হলে বৃহত্তর সম্পর্কের (সৌদি-যুক্তরাষ্ট্র) অজুহাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই সাংবাদিকের (খাসোগি) মৃত্যু মেনে নিতে হবে। আমি এটা মানতে পারি না।’
খাসোগি খুনের ব্যাপারে কে দায়ী, সে সম্পর্কে কংগ্রেসকে ফেব্রুয়ারি মাসে প্রতিবেদন দেওয়ার কথা ছিল ট্রাম্প প্রশাসনের। তবে নির্ধারিত সময়ে সেই প্রতিবেদন দিতে পারেনি প্রশাসন।
গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনের ভেতরে জামাল খাসোগিকে হত্যা করা হয়। তাঁর লাশ এখনো পাওয়া যায়নি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এ হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও সেই আভাস রয়েছে। তবে সৌদি আরব বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এ হত্যার ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করছে সৌদি আরব।
গ্লোবাল মাগনিৎস্কি আইনের কথা তুলে ধরে কংগ্রেস খাসোগি হত্যার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কাছে তদন্ত দাবি করে। মেনেনডেজ বলেন, সিনেটকে সক্রিয় হতেই হবে। অন্যথায় গ্লোবাল মাগনিৎস্কি আইনের কোনো গুরুত্ব থাকবে না।
সিনেট কমিটির চেয়ারম্যান রিপাবলিকান জিম রিশ ট্রাম্প প্রশাসনের কোনো সমালোচনা না করলেও তিনি আরও তথ্য চেয়েছেন। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি বলেন, পররাষ্ট্র দপ্তর থেকে পাওয়া প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। এটাও কাজের অগ্রগতি। এই অগ্রগতিকে থামিয়ে দেওয়া যাবে না।
খাসোগি হত্যার ঘটনায় সৌদি আরবের মানবাধিকার রেকর্ড এবং সৌদি জোটের নেতৃত্বে ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে ইয়েমেনে বিপুলসংখ্যক প্রাণহানির বিষয়গুলো বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসে।
গত মাসে ডেমোক্রেটিক নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে এক বিরল প্রস্তাব গ্রহণ করা হয়। ওই প্রস্তাবে ইয়েমেন যুদ্ধে সৌদি জোটের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবটি পাসে সিনেটে কবে নাগাদ ভোট হবে, তা এখনো অনিশ্চিত।