
খুসবন্ত সিংয়ের সঙ্গে সাক্ষাৎকার
আমার শেষ যাত্রাটি ছিল শেখ মুজিবের কাছে, যার কাছে সারা বাংলাদেশের মানুষ তাদের বিশ্বাস ও আশা স্থির করেছে। রেসকোর্সে দেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ সভা হয়েছে। গণভবনকে এক সময় বলা হতো ‘রানির ভবন’। কারণ রানি দ্বিতীয় এলিজাবেথ এখানে অবস্থান করেছিলেন। এরপর এটি হয়েছে প্রেসিডেন্ট ভবন, কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট পূর্ব পাকিস্তান সফরে এলে এখানে থাকতেন। গত বছর এটির নতুন নামকরণ হয়েছে ‘গণভবন’ কারণ বাংলাদেশের জনগণের নেতা এখানে থাকেন।
গণভবনের প্রধান ফটকে ভিড় লেগেই আছে। ঢাকার যত রাজনৈতিক মিছিল এখানেই শেষ হয়। মানুষ তাদের আবেদনটি নেতার হাতে তুলে দিতে চায় অথবা নেতাকে শুধু এক নজর দেখতে চায়, তাই গণভবনের আশপাশে ঘুরে বেড়াচ্ছে।
জুট মিল শ্রমিকেরা কিছু দাবি নিয়ে সেখানে এসেছিল, আমি তাদের পাস কাটিয়ে গেটের ভেতরে প্রবেশ করলাম। আমাকে নিরাপত্তারক্ষীরা পরীক্ষা করে প্রশস্ত লনের পাস দিয়ে জনসংযোগ কর্মকর্তা হাসিমের কাছে নিয়ে গেল। তাঁকে আগে থেকেই চিনতাম, যখন তিনি দিল্লির পাকিস্তান হাইকমিশনে তথ্য কর্মকর্তা ছিলেন। আমাকে অপেক্ষা করতে হবে, প্রধানমন্ত্রী ২০০ হিন্দুর একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সঙ্গে ব্যস্ত আছেন।
এখানে অনেক মানুষের আনাগোনা। টেলিফোন বাজছে, কলিং বেলের শব্দ, চা, কফি কোক, সেভেন-আপ পান চলছে। আমি লক্ষ্য করলাম, দেয়ালে লাগানো ছবিগুলোর মধ্যে দুজন ভারতীয়, একজন রবীন্দ্রনাথ এবং আরেকজন সুভাস চন্দ্র বোস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি ছিলেন জাপানি সাহায্যপুষ্ট আজাদ হিন্দ ফার্সের কমান্ডার।
আধা ঘণ্টা অপেক্ষার পর আমাকে প্রধানমন্ত্রীর কক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হল। ঝাড়বাতি আর ল্যাম্পের আলোতে কক্ষটি উজ্জ্বল ছিল। স্তম্ভ পাখাগুলো বাগানের বিশুদ্ধ বায়ু দিচ্ছিল। শেখ মুজিব একটি বড় ধূসর বর্ণের হাতাওয়ালা চেয়ারে বসেছিলেন। তাঁর পেছনের টেবিলে সিলভার ফ্রেমে মিসেস গান্ধীর অটোগ্রাফ সংবলিত একটি ছবি। ‘আসালামুআলাই কুম’—দৃশ্যতই তিনি আমার মুসলিম সম্বোধনে প্রীত হলেন। তিনি ‘ওয়ালাই কুমুস্সলাম’ বলে তার চেয়ার থেকে দাঁড়িয়ে আমার সঙ্গে করমর্দন করলেন। শেখ মুজিব ৫ ফুট ১০ ইঞ্চি উুঁচ, সাধারণ বাঙালিদের চেয়ে বেশি লম্বা, হলকা গায়ের রং এবং শরীরের গঠন মজবুত, ধূসর চুলগুলো ব্যাক ব্রাশ করা। পরিধানের পোশাক অনাড়ম্বর, কিন্তু মার্জিত, সাদা ঢিলেঢালা পায়জামা পাঞ্জাবির ওপর কালো ওয়েস্ট কোট। তিনি মুচকি হেসে তার চশমা দিয়ে ভরাট দৃষ্টিতে আমার দিকে তাকালেন।
আমি আমার প্রথম প্রশ্নটি ছুড়ে দিলাম—
‘শেখ সাহেব, আপনি কীভাবে বাংলাদেশে আপনার প্রথম বছরটির অর্জন মূল্যায়ন করেন?’
শেখ মুজিব বললেন, ‘অর্জন? চারটি বড় অর্জন’—বাঙালি উচ্চারণের ইংরেজিতে তার বিস্ফোরিত উত্তর। তিনি তার বাম হাত উপরে উঠিয়ে চারটি আঙুল মেলে ধরলেন, যেন কোন জনসভায় ভাষণ দিচ্ছেন।
‘প্রথমত, আমি এক কোটি শরণার্থীর পুনর্বাসনের ব্যবস্থা করেছি, যারা ভারতে চলে গিয়েছিল।’—তিনি ডান হাত দিয়ে বা হাতের একটি আঙুল নামিয়ে নিলেন।
‘দ্বিতীয়ত, আমি দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করেছি।’ তিনি হাতের আরেকটি আঙুল নামিয়ে নিলেন।
‘তৃতীয়ত, আমি পাকিস্তানিদের ভেঙে ফেলা ২০০০ সেতু পুনর্নির্মাণ করেছি। রেল ও নদী যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে’—তৃতীয় আঙুল নেমে এল।
‘চতুর্থত, আমি আমার দেশকে একটি নতুন সংবিধান দিয়েছি’। সব আঙুলই নিচে নেমে এল। তার ডান হাতটা দিয়ে এমন ভঙ্গি করলেন, যেভাবে কোন জাদুকর সফল হাত সাফাইয়ের পর ভঙ্গি করে।
প্রশ্নের উত্তরগুলো থেকে বোঝা যায় শেখ মুজিব আত্মবিশ্বাসী। কারও মনেই কোনো সন্দেহ রাখেননি যে, তিনিই বাংলাদেশ। এটি সব সময়ই ‘আমি’ কখনই ‘আমরা’ নয়, আমার মানুষ, আমার সরকার, আমার পুলিশ, আমার আর্মি। তিনি প্রায়ই নিজেকে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করেন। যখন ইংরেজিতে বলেন, তখন তাঁকে শোনায় ভীষণ একগুঁয়ে কিন্তু বাঙলা বা হিন্দুস্তানিতে তিনি বিন্দুমাত্র অহংকারী নন। তাঁর প্রিয় বাক্য হল ‘বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে।’
‘স্পষ্টাস্পষ্টি সাফল্যর তালিকার পর আমি বাধ্য হয়ে যত দূর সম্ভব নম্র সুরে আমার পরবর্তী প্রশ্নটি করলাম, ‘স্যার, আপনি কি আপনার কোন ব্যর্থতার কথা আমাদের বলবেন?’
‘ব্যর্থতা? ব্যর্থতা? ব্যর্থতা শব্দটি আপনি কেমন বলে বললেন, যখন আপনি বলেন একটি জাতির ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, তিন কোটি মানুষকে গৃহহীন করা হয়েছে, ৩ লাখ মহিলাকে লাঞ্ছিত করা হয়েছে—এদের কারও খাবার, কাপড় ও বাসস্থান নেই। যদি আমার কোন ব্যর্থতা উল্লেখ করতেই হয়, তবে বলতে হবে আমার মানুষকে আমি পর্যাপ্ত খাদ্য দিতে পারিনি, যতটুকু আমি দিতে চাই। আমাদের বন্ধু ভারত, যুক্তরাষ্ট্র এই সমস্যা মোকাবিলায় আমাদের সাহায্য করেছে।’
‘বাংলাদেশের স্বয়ংসম্পন্ন হতে কত দিন লাগতে পারে?’
‘২৫ বছর তারা আমাদের উপনিবেশের মত শোষণ করেছে। কৃষি ও শিল্প উন্নয়নের জন্য কোন পরিকল্পনা ছিল না। তার ওপর গত এক বছর পাক সেনারা আমাদের লুণ্ঠন করেছে।’
‘এবং সাইক্লোন’ তার পিআরও (জনসংযোগ কর্মকর্তা) যোগ করলেন।
‘এবং সাইক্লোন’ শেখ সাহেব পুনরুক্তি করলেন।
আমি তাঁকে একটু নামিয়ে আনতে চাইলাম, ‘এখন সবকিছুই শেষ হয়েছে, স্বয়ংসম্পূর্ণ হতে কত দিন লাগতে পারে?’
শেখ সাহেব তার পিআরওর দিকে তাকিয়ে ‘পাঁচ/ছয় বছর’ বললে পিআরও সম্মতিসূচক মাথা নাড়লেন। বললেন, ‘আমার দেশ উর্বর, আমার অনেক সম্পদ আছে, আমার মানুষ কঠোর পরিশ্রমী, আমরা আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট উৎপাদন করত সক্ষম, ইনশা আল্লাহ।’
আমি জিজ্ঞেস করলাম ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি?’
‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কি হয়েছে?’
‘আমার মনে হয়, বিপুলসংখ্যক যুবকের কাছে এখনো অস্ত্র আছে এবং অপরাধ বাড়ছে।’
‘আছে, তবে বাড়ছে না’—তিনি আমাকে সংশোধন করলেন। ‘দুই লাখ অস্ত্র আমার পায়ের কাছে সমর্পণ করা হয়েছে, যারা এখনো ব্যবহার করছে তারা গুন্ডা, দুর্বৃত্ত, ডাকাত। আমি এদের শেষ করব।’
বঙ্গবন্ধু বলেন, ‘আপনি হয় তো অনেক দুর্নীতি ও স্বজনপ্রীতির কথা শুনেছেন। লন্ডন থেকে ফিরেই আমি ১৯ জন গণপরিষদ সদস্যকে বরখাস্ত করেছি। যখনই আমি কোন দুর্নীতিবাজকে পাচ্ছি, তখনই তার ঘাড় ধরছি। আপনি জানেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি এই এলাকার মহামারি হিসেবে আছে। এখান থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে।’
‘ভারতবিরোধী অনুভূতি এই এলাকায় দানা বাঁধছে, এই সম্পর্কে কি ভাবছেন?’
শেখ মুজিব একটু উদ্দীপ্ত হলেন, ‘বঙ্গবন্ধু এখন আপনাকে একটি প্রশ্ন করবে। আপনি ঢাকায় আছেন, আপনি বাজারে ও রাস্তায় ঘুরেছেন, আপনি হোটেল রেস্টুরেন্টে গেছেন, কোথাও কি কোন ভারতবিরোধী ঘটনা দেখেছেন?’
‘না’
‘এটিই বঙ্গবন্ধুর উত্তর, আমার মানুষ মোটেও অকৃতজ্ঞ নন। তারা জানে, আমাদের স্বাধীনতার সময় ভারত কী করেছে। ১০ হাজার ভারতীয় জোয়ান আমাদের জন্য প্রাণ দিয়েছে। ভারত ছয় মাস এক কোটি মানুষকে খাইয়েছে। মিসেস গান্ধী বহু দেশ ঘুরে আমাদের পক্ষে জনমত তৈরি করেছেন। আমরা এসব ভুলতে পারি না।’
‘আপনি স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার ভূমিকা ভুলে গেছেন। আমার মনে হয় আপনি আমেরিকার কাছ থেকে ৩০ কোটি ডলারের সাহায্য গ্রহণ করেছেন।’
আমি যেভাবে আলোচনার মোড় ঘুড়িয়ে দিলাম শেখ মুজিব তা পছন্দ করলেন না। তিনি তার অভিযোগের আঙুল আমার দিকে তাক করে বললেন, ‘দেখুন, আমরা ছোট—শুধু ছোট নই—গরিব দেশ, আমরা কেন পক্ষপাতমূলক আচরণের আশ্রয় নিতে পারি না। এখন নিক্সন প্রশাসন আমাদের দৃষ্টিভঙ্গি মেনে নিয়েছে, আমাদের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার, সবার জন্য বন্ধুত্ব–ভারত, রাশিয়া, আমেরিকা কারও ক্ষতি আমরা করতে পারিরা না।
আমি মাথা নাড়লাম। আমি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললাম। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের সম্ভাব্যতা নিয়ে কথা বললাম। তিনি অনড়, তিনি পাকিস্তান স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কোন যুদ্ধবন্দীকে মুক্তি দিতে রাজি নন। তিনি তার সঙ্গে ভুট্টোর সাক্ষাতের কথা বললেন। তিনি বললেন, ‘আমার জীবনে আমি তিনবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, কখনো ভয় পাইনি। একজন মানুষ একবারই মরে।’
আগামী ৭ মার্চ সাধারণ নির্বাচন নিয়ে প্রশ্ন করে আমি আমার সাক্ষাৎকার শেষ করলাম। শেখ সাহেব, কিছু মানুষ মনে করে, আওয়ামী লীগ ও বিরোধী ন্যাশনাল আওয়ামী পার্টি এবং বিভিন্ন ধারার কমিউনিস্টদের মধ্যে গভীর বিভাজন গণতান্ত্রিক রাজনীতিতে হিংস্রতার পুনরায় প্রাদুর্ভাব ঘটাতে পারে, যা গণতান্ত্রিক সরকারের জন্য শুভ নয়।
শেখ মুজিব দুই হাত দিয়ে তার চুল পেছনে সরালেন এবং পরিমিত কণ্ঠে বললেন, ‘মাই ফ্রেন্ড, আমি যদি ডিক্টেটর হতে চাইতাম বাংলাদেশে কেউ ও কোন কিছু আমাকে আটকাতে পারত না। এটি কি পরিষ্কার? কিন্তু আমি আমার ক্ষমতা মানুষকে দেব বলে ঠিক করেছি, তারাই ঠিক করবে, কে এই দেশ শাসন করবে। এই বিরোধী দল, ভাসানি এবং তার মত কিছু মানুষ নির্বাচন বর্জন করতে চায়, কারণ তারা জানে মানুষ কী চায়। আমার মানুষ ৭ তারিখে এর জবাব দিবে।
আমি জানি না, শেখ মুজিব কী করবেন। গণভবন ত্যাগ করার পর আমার দেখা প্রতিটি বন্ধুকে তিনি যা বলেছিলেন তা পুণরাবৃত্তি করতে বাধ্য হয়েছি। তিনি সাদাসিধা, নিষ্পাপ এবং আত্মকেন্দ্রিক কিন্তু বিচক্ষণ, একজন মাটির মানুষ কিন্তু শক্তির উৎস। যে কারও মতামত যাই হোক না কেন, এটি পরিষ্কার যে শেখ মুজিব একজনই যিনি বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারেন। তাঁর সঙ্গে অন্য কেউ আর গণনায় আসে না।
লেখক: আবদুল্লাহ জাহিদ, ম্যানেজার কুইস লাইব্রেরি হলিস, নিউইয়র্ক
ইমেইল: myshathi@gmail. com