খেতের মাটি খুঁড়ে ম্যামথের কঙ্কাল
সয়াবিনের খেতে গত সোমবার নালা খুঁড়ছিলেন দুই কৃষক। হঠাৎ শক্ত কিছুর আওয়াজ পেলেন। ভাবলেন, হয়তো কোনো কাঠের টুকরো। কিন্তু পরে পাওয়া গেল এক অতিকায় প্রাণীর জীবাশ্মে পরিণত কঙ্কাল। প্রাণীটা বিলুপ্ত লোমশ হাতি অর্থাৎ কিনা ম্যামথ।
ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লিমা টাউনশিপ এলাকার কাছের একটি গ্রাম। মিশিগানে এখন পর্যন্ত যত প্রাচীন প্রাণীর দেহাবশেষ মিলেছে, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে পূর্ণাঙ্গ। সংবাদ সংস্থা ডেট্রয়েট ফ্রি প্রেস বলছে, সুবিশাল প্রাণীটি ছিল পূর্ণবয়স্ক পুরুষ। পাওয়া গেছে এটির খুলি, দাঁত, কশেরুকা ও অন্যান্য কিছু হাড়।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, ওই এলাকায় ১১ হাজার ৭০০ থেকে ১৫ হাজার বছর আগে ম্যামথের বসবাসের চিহ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ্যা জাদুঘরের পরিচালক বলেন, এ অঙ্গরাজ্যে প্রথম মানুষের আগমনের সময় নির্ণয় করার কাজে ওই হাড়গুলো সহায়ক হতে পারে। মিশিগানে এ পর্যন্ত ৩০টি ম্যামথের জীবাশ্ম পাওয়া গেছে। সূত্র: বিবিসি