খেলার মাঠে আমেরিকাকে মেক্সিকানদের দুয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকা–মেক্সিকো খেলার আগে অ্যাজটেক স্টেডিয়ামের বাইরে দর্শকেরা এভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানায়
আমেরিকা–মেক্সিকো খেলার আগে অ্যাজটেক স্টেডিয়ামের বাইরে দর্শকেরা এভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানায়

এমন ঘটনা কখনো মেক্সিকোর কোনো স্টেডিয়ামে দেখা যায়নি। আসলে এমন ঘটনা পৃথিবীর যেকোনো প্রান্তেই বিরল। জাতীয় সংগীত শুরু হলে সেটা যে দেশেরই হোক না কেন, সবাই উঠে দাঁড়িয়ে সম্মান দেখায়। কিন্তু গত রোববার রাতে মেক্সিকো সিটির এস্টাডিও অ্যাজটেক স্টেডিয়ামে যা ঘটল, সেটা রীতিমতো অভাবনীয়। আমেরিকার জাতীয় সংগীত চলাকালে দুয়োধ্বনি করতে লাগল ম্যাক্সিকান সমর্থকেরা। বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচে সে রাতে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও মেক্সিকো।

আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আগে নিয়মমাফিক দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। আমেরিকার জাতীয় সংগীত শুরু হওয়ার পরে স্টেডিয়ামের হাজার হাজার দর্শক হুইসেল, দুয়ো দুয়ো রবে কাঁপিয়ে তোলে চারদিক। তাদের আওয়াজে জাতীয় সংগীত পর্যন্ত শোনা যাচ্ছিল না। বলা বাহুল্য, জাতীয় সংগীতকে সম্মান জানিয়ে দাঁড়ানোর নিয়ম থাকলেও বেশির ভাগ দর্শক দাঁড়ায়নি পর্যন্ত।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, আমেরিকা থেকে মেক্সিকানদের বহিষ্কার ইত্যাদি নীতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রতিবেশী দেশ মেক্সিকোতে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ। আমেরিকার জাতীয় সংগীতের প্রতি উষ্মা প্রকাশ মূলত ট্র্যাম্পের প্রতি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। মেক্সিকো ফুটবল দলের এক অন্ধ ভক্ত ফ্রান্সিসো সিজনেরোস সোলানো ট্রাম্পের ক্যারিকেচার করা দুটি ছবি স্টেডিয়ামে ঢোকার মুখে টাঙিয়ে রাখে। কেউ কেউ স্লোগান দিচ্ছিল ট্রাম্পের নামে। মেক্সিকো সফররত আমেরিকান দর্শকদের জন্য স্টেডিয়ামে নিরাপত্তা পুলিশ মোতায়েন করা হয়।
কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে আমেরিকার জন্য ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খেলায় আমেরিকা ১-১ গোলে মেক্সিকোর সঙ্গে ড্র করে কোয়ালিফাই করার পথে অনেকখানি এগিয়ে গেল। কারণ কনকাকাফ অঞ্চলে মেক্সিকোই সবচেয়ে শক্তিশালী দল।
এদিকে প্রতিবেশী দুই দেশ আমেরিকা ও মেক্সিকোর ফুটবল ম্যাচ বরাবরই সবার মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। তবে এবার খেলার উত্তেজনাকে ছাপিয়ে গিয়েছিল রাজনৈতিক উত্তাপ। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে মেক্সিকোর জনগণের মধ্যে এখন প্রচণ্ড আমেরিকাবিরোধী মনোভাব কাজ করছে। এমন নয় যে মেক্সিকানদের এই ক্ষোভ অপ্রত্যাশিত। অ্যাজটেকা স্টেডিয়াম থেকে কয়েক মাইল দূরে এক মিউজিয়ামে সম্প্রতি ট্রাম্পের বিভিন্ন ক্যারিকেচার করা ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছিল। কেউ সেখানে ট্রাম্পকে নাৎসি হিসেবে তুলে ধরে। কেউ ডেভিল বা শয়তান হিসেবে, কেউবা গ্রিম রিপার বা কু ক্লাক্স ক্লান হিসেবে ট্রাম্পকে তুলে ধরে।
রোববারের ম্যাচে মাঠের ম্যাক্সিকান দর্শকদের ব্যানারে ও টি-শার্টে ছিল আমেরিকাবিরোধী স্লোগান। ম্যাক্সিকান ফুটবল দলের সমর্থক হেক্টর রিভেরা খেলার শুরুতে বলেন, ‘আমেরিকা ফুটবল দলের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। আমরা শুধু চাই তাদের পরাজিত করতে। তবে আমাদের ক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে।’
খেলা শেষে সংবাদ সম্মেলনে আমেরিকা সকার দলের প্রধান কোচ ব্রুস এরিনা তাঁর রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে বলেন, ‘রাজনৈতিক কারণে আমেরিকার প্রতি ম্যাক্সিকান জনগণের যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সে জন্য আমি লজ্জিত। তবে আমি বিশ্বাস করি, বেশির ভাগ আমেরিকান জনগণ মেক্সিকানদের পছন্দ করে। আমেরিকার সমৃদ্ধিতে মেক্সিকানদের অনেক অবদান আছে।’ তিনি শেষে যুক্ত করেন, ‘মেক্সিকো, তার জনগণ ও ফুটবল দলের প্রতি আমাদের শ্রদ্ধা অসীম। আমি লস অ্যাঞ্জেলেসে বাস করি। আমার সেখানে মেক্সিকান বংশোদ্ভূত অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। আমাদের দেশে, আমাদের সমাজে তারা নানাভাবে অবদান রেখে চলেছে।’