
আশির দশকের অন্যতম প্রধান কবি খোন্দকার আশরাফ হোসেন। ছিলেন বীর মুক্তিযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ‘একবিংশ’ সাহিতপত্রের সম্পাদক-প্রকাশক। বিশ্বসাহিত্যের নিবেদিতপ্রাণ বঙ্গ-অনুবাদক। ‘অনিরুদ্ধ আশি’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৬ জুন ছিল কবির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিন বাংলা, বাংলাদেশ আয়োজন করে স্মৃতিতর্পণ অনুষ্ঠানের।
কবি ড. খোন্দকার আশরাফের সতীর্থদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদ্বোধক ছিলেন অনিরুদ্ধ আশি-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সালেম সুলেরী। তিনি তিন বাংলা-এর গ্লোবাল সভাপতির দায়িত্বেও রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শত গ্রন্থের লেখক আফরোজা পারভীন। তিন বাংলা, বাংলাদেশ-এর নির্বাহী সভাপতি তিনি। প্রেসিডিয়াম সদস্য কবি রহিমা আখতার কল্পনা ছিলেন প্রধান আলোচক।
ব্যক্তিগত সম্পর্কের আলোকে বক্তৃতা করেন অনিরুদ্ধ আশি-এর দুজন। কবি ফেরদৌস সালাম ও কবি ওয়াহিদ রহমান। সালামের মতে, শহরে থাকলেও তিনি গ্রামকে ‘গোড়াজীবন’ বলতেন। ২০১৩ সালে মৃত্যুকালে তিনি গ্রামজীবনেই ছিলেন। ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছিলেন উপাচার্য। ওয়াহিদ রহমান বলেন, রমনা পার্কের প্রকৃতিতে প্রশান্তি খুঁজতেন। লেখক মান্নান সৈয়দের প্রয়াণে হু হু করে কেঁদেছেন। বলেছেন, ‘কী বিশাল মনীষি, কিন্তু মূল্য পেলেন না। আমরাও হয়তো তেমন কিছু পাব না।’
অনুষ্ঠানে বেশ কয়েকজন লেখক-প্রকাশক শ্রদ্ধামথিত বক্তব্য দেন। পল্লি কবিপুত্র খুরশিদ আনোয়ার জসীমউদ্দীন, সর্বকবি মিনা মাশরাফী, আহমদ জামালী, জামসেদ ওয়াজেদ। শ্রদ্ধা জানান লেখক-সংস্কৃতিসেবী প্রণব মজুমদার, আলম শামস, কাজল মেহমুদ, লতা নাহার, দেবাশিস কায়সার, মাহাবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তিন বাংলা-এর সাহিত্য সম্পাদক কবি মনসুর আজিজ। তিনি বলেন, খোন্দকার আশরাফ প্রথমে ছিলেন শিক্ষক। পরে হয়েছেন কবি, প্রাবন্ধিক, অনুবাদক।
উদ্বোধক কবি সালেম সুলেরী বলেন, ‘আমরা ছিলাম সতীর্থ। ‘অনিরুদ্ধ আশি’ প্রতিষ্ঠা হয় আমাদের হাত দিয়েই। তিনি ছিলেন সভাপতি, আমি সম্পাদক। বর্ণাঢ্য কার্যক্রমের মধ্য দিয়ে সাহিত্যচর্চাকে এগিয়ে নিয়েছি। ২০০৫-এ আমি আমেরিকা চলে আসলে তিনি হতাশ হন। বলেন, এ সংসারে বিচ্ছেদ ঘটেছে, অতএব আর নয়। তিনি প্রায়শ বার্তা পাঠাতেন দেশে ফেরার। ২০১৩ সালে ভিসি হয়েও আমাকে ফিরতে বলেছিলেন। আপাদমস্তকই তিনি ছিলেন এক বহুমাত্রিক মানুষ। বাংলা একাডেমির উচিত ‘খোন্দকার আশরাফ রচনাবলী’ প্রকাশ করা।
স্মৃতিসিক্ত আলোচনা করেন কবি রহিমা আখতার কল্পনা। প্রধান আলোচকের বক্তব্যে বলেন, ‘ভুলতে পারি না। তাঁকে বলতাম, বাংলা কবিতার কৃষ্ণকান্তি যুবরাজ। এই শিরোনামে কবিতা লিখে তাঁকে উৎসর্গ করেছি। ‘তিন রমণীর ক্বাসিদা’ ওনার প্রথম কাব্যগ্রন্থ। সঠিক উচ্চারণে শিরোনামটি বলতে পারায় ধন্যবাদ দিতেন।
অনুষ্ঠান সভাপতি আফরোজা পারভীনও নানা বিশ্লেষণ মেলে ধরেন। বলেন, খোন্দকার আশরাফ একজন ভাষাতাত্ত্বিক কবি। ‘জীবনের সমান চুমুক’ কাব্যগ্রন্থটি আমাকে সর্বাধিক টানে। ইংরেজি, জার্মানসহ অনেক ভাষায় তিনি অনূদিত হয়েছেন। রবীন্দ্রনাথ, ইডিপাস নিয়েও কাজ করেছেন। কিন্তু বাংলাদেশ তাকে নিয়ে বড় কিছু করছে না। এবারের মৃত্যুবার্ষিকীও পালিত হচ্ছে শুধু তিন বাংলা-এর মাধ্যমে। যদিও তিনি ছিলেন গর্বিত মুক্তিযোদ্ধা, বিরলপ্রজ লেখক।