গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে আহ্বান বাইডেনের
গণতন্ত্র যে কাজ করে, তা প্রমাণ করতে আমেরিকা অঞ্চলের দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘সামিট অব দ্য আমেরিকাস’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা সম্মেলনে যোগ দেন। খবর এএফপির
বাইডেন বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্যের বিষয়টি স্বীকার করে নিয়ে সামনে এগিয়ে যেতে গণতন্ত্রকে সেরা পন্থা হিসেবে দেখার আহ্বান জানান। যেসব অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে, সেখানে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উন্নত স্বাস্থ্য ও খাদ্যসুবিধা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন বাইডেন। সম্মেলনে বাইডেন বলেন, ‘সারা বিশ্বে গণতন্ত্রের ওপর হামলা হচ্ছে। আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই। আমরা দৃঢ় প্রত্যয় জানাই যে গণতন্ত্র শুধু আমেরিকান ইতিহাসের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয়, এটি আমেরিকার ভবিষ্যতের অপরিহার্য উপাদানও। এই সম্মেলন আমাদের কাছে কিছু সাহসী ধারণা, উচ্চাভিলাষী কার্যক্রম এবং আমাদের জনগণের কাছে গণতন্ত্রের অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করার সুযোগ দিয়েছে।’
ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে শস্য রপ্তানি ব্যাহত হওয়ায় বাইডেন এ সম্মেলনে খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবিলার জন্য ৩০ কোটি মার্কিন ডলারের একটি উদ্যোগ ঘোষণা করেছেন। আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডাসহ কৃষিপ্রধান দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়ন করার কথা বলেন তিনি। এ ছাড়া এ অঞ্চলে পাঁচ লাখ স্বাস্থ্যকর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।
করোনা মহামারি চলাকালে লাতিন আমেরিকায় চীনের প্রভাব বেড়েছে। এসব অঞ্চলে দ্রুত টিকা সরবরাহ করে তাদের আস্থাভাজন হয়েছে বেইজিং। তবে সামিট অব দ্য আমেরিকাস সম্মেলনে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে বাইডেনের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বলসোনারো ট্রাম্প-সমর্থক বলে পরিচিত। সম্মেলনে কিউবা, নিকারাগুয়া, ভেনেজুয়েলার নেতাদেরও আমন্ত্রণ জানান বাইডেন। কিন্তু এতে খুশি নন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তিনি এসব স্বৈরাচারী নেতাকে আমন্ত্রণ জানানোয় সম্মেলনে আসার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।