গণমাধ্যম এড়িয়ে নৈশভোজে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমবারের মতো পরিবারের সদস্যদের নিয়ে নৈশভোজে গেলেন ডোনাল্ড
ট্রাম্প। এই সময় সাংবাদিকেরা নিউইয়র্কে তাঁর বাসভবন ট্রাম্প টাওয়ারে ভিড় করলেও তাঁদের এড়িয়ে যান ট্রাম্প।
এরপর ট্রাম্পের মুখপাত্র হোপ হিকস বলেন, এই সন্ধ্যায় আর কোনো সংবাদ নেই। কিছুক্ষণ পর গাড়িবহর নিয়ে বের হয়ে যান ট্রাম্প। সেখানে ছিল অ্যাম্বুলেন্সও।
ব্লুমবার্গ নিউজের প্রতিবেদক টেইলর রিগস বলেন, ট্রাম্প তাঁর পরিবার এবং প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে স্থানীয় ২১ ক্লাব রেস্টুরেন্টে যান। তাঁদের সম্মানে ভোজের আয়োজন করেন। সেখানে তাঁরা ছবি তুলে টুইট করেন।
টেইলর রিগস নিজেও তখন ওই রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ট্রাম্প সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁয় উপস্থিত লোকজন দাঁড়িয়ে তাঁকে সম্ভাষণ জানান।
হোপ হিকসও এ সময় সাংবাদিকদের নিশ্চিত করেন যে, ট্রাম্প পরিবারের সদস্যদের নিয়ে নৈশভোজে গিয়েছিলেন। সেখানে তাঁরা দুই ঘণ্টার মতো সময় অতিবাহিত করেন।
এদিকে ট্রাম্পের মন্ত্রিসভা গঠন নিয়ে নানা ধরনে জটিলতার সৃষ্টির খবর মার্কিন গণমাধ্যমগুলোতে আসছে। এর পরিপ্রেক্ষিতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ‘সবকিছু সুসংগঠিত প্রক্রিয়ায় এগোচ্ছে, এর ভিত্তিতেই আমি পরবর্তী মন্ত্রিসভা ও অন্যান্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেব। তবে শেষ দৌড়ে কারা জিতবে, কার কী অবস্থান হবে, তা কেবল আমিই জানি।’
তবে সূত্র জানায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে উপদেষ্টারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্স অন্তর্বর্তীকালীন সময়ে নেতৃত্বের পরিবর্তন, নতুন সরকারের নিয়োগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে ট্রাম্প টাওয়ারে যান। তিনি সেখানে বিভিন্ন বিষয় আলোচনা করেন।
ট্রাম্প ইতিমধ্যেই টুইট করে বলেছেন দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় কোনো বিশৃঙ্খলা নেই। মসৃনভাবেই তা শেষ হবে বলে তিনি মনে করেন।