গণমাধ্যমের ওপর নজরদারি বাড়াচ্ছে আমেরিকা। এ জন্য একটি তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা করেছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় (ডিএইচএস)। এই তথ্যভান্ডারে প্রচলিত সংবাদমাধ্যম কর্মীদের পাশাপাশি ব্লগার ও গণমাধ্যমে প্রভাব রয়েছে এমন ব্যক্তিদের তথ্য সন্নিবেশিত করা হবে। তথ্যভান্ডারটি তৈরির জন্য উপযুক্ত প্রতিষ্ঠান খুঁজছে এখন মার্কিন প্রশাসন।
শিকাগো সান-টাইমসের এ সম্পর্কিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, তথাকথিত ‘ভুয়া খবর’ ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এর প্রভাবের বিষয়টি মাথায় রেখেই মার্কিন প্রশাসন এই পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে তথ্যভান্ডার তৈরির এই প্রকল্পের কাজ পেতে আগ্রহীদের দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফেডবিজঅপস ডটগভ ওয়েবসাইটে এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ডিএইচএসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আগ্রহী দরদাতাদের অনুরোধ করা হয়েছে। ১৩ এপ্রিলের মধ্যে এই দরপত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
৭ এপ্রিল ফক্স নিউজের প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, ডিএইচএসের গণমাধ্যম নজরদারির এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একটি বিশেষ পাসওয়ার্ড দেওয়া হবে। এর মাধ্যমে বিশেষ ক্ষমতাবলে ওই প্রতিষ্ঠান সাংবাদিক, সম্পাদক, পত্রিকার প্রতিনিধি, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগসহ গণমাধ্যমে প্রভাব রাখতে পারে এমন সব তথ্য ও ব্যক্তির ওপর সার্বক্ষণিক নজর রাখবে। বিশেষত জাতীয় নিরাপত্তাসহ বিশেষ বিশেষ ঘটনায় গুরুত্বপূর্ণ গণমাধ্যম ব্যক্তিত্বদের অবস্থান সম্পর্কে প্রতিনিয়ত তথ্য জোগাড় করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
ডিএইচএসের এই সম্পর্কিত বিজ্ঞপ্তিতে প্রকল্পের কাজ পাওয়ার যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই শতাধিক ভাষার এবং আড়াই লাখেরও বেশি সংবাদপত্র থেকে তথ্য সংগ্রহের যোগ্যতাসম্পন্ন হতে হবে। একই সঙ্গে থাকতে হবে তথ্যের উৎস, তথ্য প্রচারের স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি ইত্যাদি শনাক্ত করা, এসবের পরিসংখ্যান উপস্থাপন ও বিশ্লেষণের দক্ষতা।’
আমেরিকার বর্তমান প্রশাসন বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই প্রচলিত সংবাদমাধ্যমগুলোর ওপর চড়াও হয়েছেন। এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ফক্স নিউজ। নির্বাচনী প্রচারের সময় থেকেই নিউইয়র্ক টাইমস, সিএনএন, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে ‘ফেকনিউজ’ শব্দবন্ধে আটকে ফেলেছেন তিনি। এই ক্ষেত্রে তাঁর প্রধানতম অস্ত্র টুইটার। মূলত এই সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত বিভিন্ন সমালোচনামূলক প্রতিবেদনই ট্রাম্পকে চটিয়েছে। এর সঙ্গে রয়েছে নির্বাচনে রাশিয়ার আঁতাতের প্রশ্নটি। মার্কিন সংবাদমাধ্যমগুলো শুরু থেকেই এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে। এক নিউইয়র্ক টাইমসই রুশ সংশ্লিষ্টতার প্রশ্নে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করেছে, যা ট্রাম্প প্রশাসনকে ভীষণভাবে চাপে রেখেছে। আর এটিকেই ডিএইচএসের গণমাধ্যমে নজরদারির পরিসর বাড়ানোর পেছনে কাজ করছে বলে মনে করেন বিশ্লেষকেরা।