ট্রাম্প গণমাধ্যমের প্রতি সহনশীল

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচিত রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের প্রতি সহনশীল হওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে তার নির্বাচনী প্রচারণা বহরে যেসব সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, তাদের সংবাদ সংগ্রহে সুবিধা হবে।
ওয়াশিংটন পোস্ট, পলিটিকোসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমকে এর আগে ট্রাম্পের প্রচার বহরে নিষিদ্ধ করা হয়েছিল।
ট্রাম্প অভিযোগ করে আসছিলেন, এসব মিডিয়া তার প্রতি ন্যায়সংগত আচরণ করছিল না। প্রচারণা বহরে নিষিদ্ধ থাকলেও মিডিয়াগুলো সংবাদ পরিবেশন বা ট্রাম্পের সমালোচনা বন্ধ রাখেনি। প্রযুক্তির এ সময়ে প্রবেশ নিষিদ্ধ করে সংবাদ প্রবাহও থামানো যায়নি।
ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সিএনএনকে বলেন, আমার উপলব্ধি হয়েছে এসব মিডিয়া আমার সম্পর্কে আর কতটাই খারাপ বলতে পারে।
গত সপ্তাহে ট্রাম্প প্রচারণা শিবির তালিকা করে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ করে। প্রায়ই তাদের এ তালিকা রদবদল হচ্ছিল।
এ দিলে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রচারণার বিমান যাত্রায় সাংবাদিকদের সঙ্গে রাখছেন। যাত্রাপথে সাংবাদিকদের প্রশ্ন রাখার সুযোগ দিচ্ছেন।
ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই রক্ষণশীল হিসেবে পরিচিত ফক্স নিউজ ছাড়া অন্যদের সাক্ষাৎকার প্রদানের বিষয়টি কমিয়ে এনেছেন। প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রিত সাক্ষাৎকার দেবেন ডোনাল্ড ট্রাম্প।