গণমাধ্যমের স্বাধীনতা দাবি ও হামলার প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি নূরুল হক ও সংগ্রাম অফিসে হামলার প্রতিবাদ, সংগ্রামের সম্পাদকের মুক্তি এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিরা। ১ জানুয়ারি ক্যাপিটেল হিলের সামনে ‘ফোরাম ফর ডেমোক্রেসি রাইটস ইন বাংলাদেশ’ (এফডিআরবি)–এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশের বক্তৃতা করেন হাসনাত সিকদার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মান্না, আবু বকর সিদ্দিক, মাহমুদুল কবির। সমাবেশ পরিচালনা করেন আহসানুর রহমান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন নামে আরও বেপরোয়া হয়ে দেশের বিশিষ্ট ব্যক্তিসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। মুক্তিযোদ্ধা মঞ্চের নামে ছাত্রলীগের সন্ত্রাসীরা ডাকসুর কক্ষে বাতি নিভিয়ে পিটিয়ে ডাকসু ভিপি নুরকে আহত করেছে। এ সময় ভাঙচুর করা হয় ডাকসু ভবনের জানালার গ্লাস, ভিপির কক্ষের কম্পিউটার, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র। ছাদ থেকে ছুড়ে ফেলা হয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুজনকে।
বক্তারা বলেন, নুর গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। যা অসত্য, মিথ্যা তার প্রতিবাদ করেছেন। দেশে গণতন্ত্র হত্যা করা হলে কি প্রতিবাদ করা যাবে না? এটাই কি আমাদের স্বাধীন দেশ। নুরদের কারণেই দেশ থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদ, অন্যায় দূর হবে। সেই ভয় থেকেই সরকার নুরদের ওপর বারবার নির্যাতন করেছে।