গণিতের মাথায় রান্নার রেসিপি
যুক্তরাষ্ট্রে আসার আগে খলিলুর রহমান ছিলেন ব্যাংক কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি পাস করেছিলেন। ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। পরে চলে আসেন যুক্তরাষ্ট্রে। এখানে এসেই ঘুরে যায় জীবনের বাঁক।
যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার আশায় দেশে থেকে নিউইয়র্কে আসেন খলিল। জীবন–জীবিকার তাগিদে কাজ নেন রেস্তোরাঁয়। নিউইয়র্কের বিভিন্ন রেস্তোরাঁয় প্রথম ওয়েটার হিসেবে কাজ শুরু করেন। বেশ কয়েক বছর এ পেশায় ছিলেন। এভাবে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। বেশ কয়েকটি রেস্তোরাঁয় কাজ করেন খলিল। এভাবে কাজ করতে করতে একপর্যায়ে মানুষকে ভালো কিছু খাওয়ানোর জন্য শেফের কাজ নেন। ধীরে ধীরে শিখে নেন রান্নার কাজ।
ভালো রেস্তোরাঁয় ভালো বেতনে শেফ হিসেবে কাজ পেতে হলে এবং নিজে ব্যবসা করতে হলে অভিজ্ঞ শেফ হওয়া বাঞ্ছনীয়। তাই মাথা থেকে গণিতের সব হিসাব–নিকাশ আর সূত্র পাশে রেখে রান্নার জগতে নিজেকে পুরোপুরি নিয়োজিত করার মানসিক সিদ্ধান্ত নেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে চার বছর মেয়াদি কোর্সে ভর্তি হয়ে যান খলিল। কৃতিত্বের সঙ্গে পড়ালেখা শেষ করেন। পাস করে পেয়ে যান সনদপত্র। সনদ পাওয়ার অর্জন করার পর বছরে লাখ ডলার বেতনে চাকরি করার অপার আসে। কিন্তু সব সময় নিজে কিছু করার চেষ্টা ছিল তাঁর।
পড়ালেখা শেষ করার পর ভালো বেতনে চাকরির প্রস্তাব আসে। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়ে শুরু করেন রেস্তোরাঁ ব্যবসা। নিজের নামেই রেসিপি তৈরি করেন। রেস্তোরাঁর নামকরণ করেন খলিল বিরিয়ানি। খলিল বিরিয়ানি প্রতিষ্ঠার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। অসাধারণ স্বাদ ও মনোরম পরিবেশ ভোজনরসিক মানুষকে আকৃষ্ট করে। এরপর মানুষের আগ্রহ ও ভালোবাসায় গড়ে তোলেন খলিল চায়নিজ।
মেধাবী ছাত্র, এক সময় রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করা খলিল বর্তমানে ব্রঙ্কসের জনপ্রিয় খলিল বিরিয়ানি, খলিল চায়নিজ, খলিল গ্রোসারির মালিক।
গত কয়েক বছরের মধ্যে খলিল বিরিয়ানির খাবার মানুষের কাছে অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ব্রঙ্কসে গিয়ে খলিল বিরিয়ানির স্বাদ গ্রহণ করেন।
রেস্তোরাঁ ব্যবসা করতে হলে রান্না ও খাবারের মানের ওপর গুরুত্ব দিতে হবে। অন্যথায় রেস্টুরেন্ট ব্যবসা লাভজনক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই, যুক্তরাষ্ট্রের মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেফ বিষয়ে পড়াশোনা করে নিজেই এখন কয়েকটি রেস্তোরাঁর মালিক। করোনা পরিস্থিতি ভালো হলে এবং ব্যবসার আরও উন্নতি হলে নিউইয়র্কের প্রতি বোরোতে রেস্তোরাঁর শাখা করার কথা ভাবছেন খলিল বিরিয়ানির মালিক মো. খলিলুর রহমান।
খলিল বিরিয়ানিতে হরেক রকমের মিষ্টান্ন তথা রসগোল্লা, দধি, লাচ্ছিসহ নানা রকম মুখরোচক খাবার পাওয়া যায়। দোকানের নাম খলিল বিরিয়ানি নামকরণ করা হলেও দেশি মাছ, মাংস, সবজি, সমুচা, শিঙারা, কাবাবসহ সব ধরনের খাবার বিক্রি করা হয়।
নিউইয়র্ক ছাড়াও বিভিন্ন স্টেট থেকে খলিল বিরিয়ানির স্বাদ নিতে আসেন ভোজনরসিক মানুষ। মজার ব্যাপার, স্থানীয় মার্কিনরাও খলিল বিরিয়ানিতে খেতে আসেন। স্টেট সিনেটর, কাউন্সিলম্যান, বোরো প্রেসিডেন্টসহ শতাধিক ভিআইপির ভোজনের ছবি খলিল বিরিয়ানির দেয়ালে শোভা পাচ্ছে।
খলিলুর রহমান ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী। স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান নিয়ে ব্রঙ্কসে থাকেন। মাঝেমধ্যে খলিলের স্ত্রী ও বড় মেয়ে রেস্তোরাঁর কাজে সময় দেন।
মিসেস খলিল জানান, খলিল অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। স্রষ্টার রহমতে এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং মানুষের ভালোবাসায় খলিল বিরিয়ানি আজ মানুষের কাছে জনপ্রিয় নাম।