গভর্নর কুমোর নৈশভোজে যোগ দিতে লাগবে ১০ হাজার ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো

নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো তাঁর চতুর্থ মেয়াদের নির্বাচনের জন্য তহবিল সংগ্রহে নামছেন। চলতি মাসের শেষের দিকে প্রচারণা ভোজের মাধ্যমে তাঁর প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু হবে।

গভর্নর কুমোর প্রচার ব্যবস্থাপক গীতা টিকু জানিয়েছেন, গত ২৯ জুন গ্রীষ্মকালীন সংবর্ধনা নামে এ তহবিল সংগ্রহের ভোজ নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। নৈশভোজে যোগ দিতে প্রতিজনের জন্য ১০ হাজার ডলার এবং সঙ্গী হিসেবে দুজনের জন্য ১৫ হাজার ডলার করে টিকিট মূল্য ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক হিসেবে পরিচিত অ্যান্ড্রু কুমোর বাবা প্রয়াত মারিও কুমো নিউইয়র্কে তিন দফা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মারিও কুমোর ছেলে অ্যান্ড্রু কুমো আগামী বছরের নির্বাচনে চতুর্থ মেয়াদে নির্বাচিত হলে ইতিহাস সৃষ্টি করবেন।

নিউইয়র্কে ব্যাপক জনপ্রিয় অ্যান্ড্রু কুমো রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে জাতীয়ভাবে আলোচিত হয়ে ওঠেন। করোনার তাণ্ডবের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। জরুরি ফেডারেল সাহায্য নিউইয়র্কে নিয়ে আসার জন্য কুমোর বেপরোয়া অবস্থান বিপুলভাবে সমাদৃত হয়েছে রাজ্যের জনগণের কাছে।

গত বছরের শেষ দিকে গভর্নর কুমো প্রথম সমস্যায় পড়েন নার্সিং হোমে করোনায় মৃত লোকজনের তথ্য ধামাচাপা দেওয়ার কারণে। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর তাঁর বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয়ে। কুমো নার্সিং হোমে করোনায় মৃত্যুর তথ্য ধামাচাপা দেওয়ার মধ্য দিয়ে আইনের কোনো লঙ্ঘন হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

এ সমস্যার পাশাপাশি গভর্নর কুমোর বিরুদ্ধে বেশ কিছু নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তাঁদের অভিযোগ নিয়েও রাজ্যের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে স্বাধীন তদন্ত পরিচালিত হচ্ছে। তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে কুমোর পুনরায় গভর্নর পদে প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তাও বিরাজ করছে।