গভর্নর পদে লড়বেন সাবেক হলিউড অভিনেত্রী

নিউইয়র্ক অঙ্গরাজ্যের পরবর্তী গভর্নর নির্বাচনে প্রার্থী হচ্ছেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র নায়িকা সিনথিয়া নিক্সন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাথমিক বাছাই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫১ বছর বয়সী এই তারকা ১৯ মার্চ টুইটারের মাধ্যমে এই ঘোষণা দেন, যা এরই মধ্যে বিপুলসংখ্যক নিউইয়র্কবাসীর কাছে পৌঁছেছে।
১৯ মার্চ দেওয়া টুইটার পোস্টে নিক্সন লেখেন, ‘আমি নিউইয়র্ককে ভালোবাসি। আজ আমি গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিচ্ছি। আমাদের সঙ্গে যোগ দিন।’
তাঁর এই বার্তার সঙ্গে দুই মিনিটের একটি ভিডিও ক্লিপও জুড়ে দেওয়া হয়। ভিডিও বার্তায় নিক্সন বলেন, তিনি রাজনীতিকদের প্রতি বিরক্ত। তাঁরা আমাদের জন্য কাজ করার চেয়ে খবরের শিরোনাম হতে এবং ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।’
উল্লেখ্য, নিক্সন দীর্ঘদিন ধরেই সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। পাবলিক বিদ্যালয়গুলোয় অধিক অর্থ বরাদ্দ নিয়ে সোচ্চার এই তারকা শিক্ষা খাতে তহবিল বণ্টনে বৈষম্যের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
গভর্নর পদে নিজের প্রার্থিতার ঘোষণায় নিক্সন অভিযোগ করেন, নিউইয়র্ক অঙ্গরাজ্য সম্পর্কে গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রচার ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে তলানিতে নিয়ে যাচ্ছেন। গভর্নর দাবি করছেন আমাদের অর্থনৈতিক সূচক ঊর্ধ্বমুখী। অথচ আমাদের সাবওয়ে ভঙ্গুর। আপস্টেটে দারিদ্র্য এবং আর্থিক খাতের অধিকাংশ ক্ষেত্রেই বৈষম্য বিদ্যমান। আমরা কীভাবে এগুলো ঘটতে দিয়েছি? এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যায় না। এখন আমাদের সোচ্চার হওয়ার সময়। এখন লড়াইয়ের সময়।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে নিক্সন এরই মধ্যে একটি ওয়েবসাইট খুলেছেন। পাশাপাশি নির্বাচনী প্রচার চালাতে একটি কমিটিও গঠন করেছেন তিনি। প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে ‘সিনথিয়া ফর নিউইয়র্ক’ স্লোগান বোর্ড অব ইলেকশনের তালিকাভুক্ত করিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারে নিক্সন পাখির চোখ করেছেন নিউইয়র্ক নগরীর বিপর্যস্ত সাবওয়ে ব্যবস্থাকে। কারণটিও স্পষ্ট। গভর্নরের আওতাধীন নিউইয়র্ক নগরীর এই সাবওয়ে এমনিতেই অ্যান্ড্রু কুমোর জন্য এক বিব্রতকর সমস্যা।
নিক্সন বলেন, ‘আমরা এমন গভর্নর চাই, যিনি আমাদের ভেঙে পড়া সাবওয়ের সমস্যা দূরীভূত করবেন।’
তবে সাবওয়ে সমস্যার ব্যাপারে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি’র (এমটিএ) বক্তব্য হচ্ছে, এ ব্যবস্থা শত বছরের বেশি পুরোনো। ইতিমধ্যে যাত্রীসেবার মানোন্নয়নে এমটিএ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।’ কিন্তু বাস্তবতা হচ্ছে সময়মতো ট্রেন চলাচলে বিশেষত যথাসময়ে নির্দিষ্ট স্টেশনে পৌঁছা নিশ্চিত করতে এমটিএ’র এসব পদক্ষেপের কোনো সুফল এখনো নিউইয়র্কবাসী পায়নি। ফলে নিক্সনের নির্বাচনী প্রচারে সাবওয়েসহ গণপরিবহন ব্যবস্থার ওপরই সর্বাধিক মনোযোগ দেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।