গভর্নরের জনপ্রিয়তায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রু কোমো
অ্যান্ড্রু কোমো

বেশ কয়েক মাস ধরে নিউইয়র্ক নগরের সাবওয়ে যাত্রীদের তীব্র বিড়ম্বনার কারণে অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কোমোর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমেছে। নগর পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) পরিচালনাধীন নিউইয়র্ক নগরের সাবওয়ের সার্বিক দায়দায়িত্ব নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নরের। সাবওয়ের চলমান সমস্যার জন্য যাত্রীরা গভর্নরকে দায়ী করেন।
সিয়ানা কলেজের এক জরিপে দেখা গেছে, সাবওয়েতে বিড়ম্বনার কারণে কোমোর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পুরো অঙ্গরাজ্যে বিশেষ করে নিউইয়র্ক নগরে উল্লেখ্যযোগ্য পরিমাণে কমেছে। গত মে মাস থেকে কোমোর জনপ্রিয়তা অঙ্গরাজ্য পর্যায়ে ৬১ শতাংশ থেকে ৯ শতাংশ হ্রাস পেয়ে ৫২ শতাংশে এসে দাঁড়িয়েছে। একই সময়ে নিউইয়র্কের ৫৩ ভাগ বাসিন্দা কোমোর পুনর্নির্বাচনের পক্ষে ছিলেন। বর্তমানে এ সমর্থন ৪৬ শতাংশে নেমে এসেছে।
সিয়ানা কলেজের মুখপাত্র স্টিভ গ্রিনবার্গ বলেন, ট্রেনের সমস্যা গভর্নরের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুস্পষ্টভাবে নিম্নমুখী করেছে। সাবওয়েতে যাতায়াতের পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ৫৯ শতাংশ উত্তরদাতা কোমোর কর্মতৎপরতাকে নিম্নমানের বা মোটামুটি এবং ২৬ শতাংশ ভালো কিংবা উত্তম হিসেবে মন্তব্য করেছেন। কোনো নির্বাচিত কর্মকর্তাদের ওপর এমটিএর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া উচিত কি না এমন প্রশ্নে ৫২ শতাংশ কোমোর এবং ৩৩ শতাংশ মেয়র বিল ডি ব্লাজিও অনুকূলে মত প্রকাশ করেন।
৯ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে এ জরিপ চালানো হয়। জরিপে ৭৯৩ জন নিবন্ধিত ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়। টেলিফোনে এ জরিপ নেওয়া হয়। অন্যদিকে কুইনিপিক বিশ্ববিদ্যালয় একই বিষয়ে পরিচালিত জরিপে প্রায় অভিন্ন জনমত প্রতিফলিত হয়। ১৯ জুলাই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। কোমোর দপ্তর জরিপের ফলাফল সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।