গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শোক ও শ্রদ্ধা প্রকাশের মধ্য দিয়ে নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হলো। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস প্রদীপ শোকযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জ্যাকসন হাইটসে।
জোটের প্রধান মিথুন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, ‘প্রবাস প্রজন্মকে একাত্তরের ভয়াবহতা সম্পর্কে আরও বেশি জানাতে হবে। ঘাতকেরা কীভাবে মুক্তিপাগল বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে টানা নয়টি মাস বর্বরতা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে, সে তথ্য নতুন প্রজন্ম না জানলে আমরা যখন থাকব না, তখন এই দিবস কে পালন করবে? আমরা সবাই জানি এই প্রবাসে একাত্তরের ঘাতক, শহীদ বুদ্ধিজীবীদের ঘাতকেরা কে কোথায় লুকিয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে যারা স্বীকার করে না এখনো, তাদের অবস্থান চিহ্নিত করতে হবে। তাহলেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।’
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূরের নেতৃত্বে ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান’ গানটি সমস্বরে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, কবি মিশুক সেলিম, কমিউনিটি অ্যাকটিভিস্ট মঞ্জুর চৌধুরী, স্বীকৃতি বড়ুয়া, শরাফ সরকার, মোর্শেদ আলম, নাসিমুন্নাহার নিনি, গোপন সাহা, সুব্রত বিশ্বাস, মিনহাজ সাম্মু, সেমন্তী ওয়াহেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।