গভীর সংকটে আমেরিকার দুগ্ধশিল্প
আমেরিকার সবচেয়ে পুরোনো ও দ্বিতীয় বৃহত্তম ডেইরি প্রতিষ্ঠান বর্ডেন ডেইরি নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে। ৬ জানুয়ারি প্রতিষ্ঠানটি এ আবেদন করে।
বর্ডেন ডেইরির এ আবেদন আমেরিকার দুগ্ধ শিল্পের জন্যই এক বড় সতর্কবার্তা। কারণ, গত দু মাসে এ নিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে বর্ডেন ডেইরি নিজেদের দেউলিয়া ঘোষণার আবেদন করল। এর আগে আমেরিকার বৃহত্তম দুধ উত্পাদক প্রতিষ্ঠান ডিন ফুডস দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করে। গত নভেম্বরে করা ওই আবেদনই আমেরিকার দুধ ও দুগ্ধজাত পণ্যের খাতে অনিশ্চয়তা এনে দেয়। মূলত ঋণের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্ডেন ডেইরির পক্ষ থেকে বলা হয়েছে, ঋণের বোঝা ও কর্মীদের পেনশনের দায় বহন করতে পারছে না প্রতিষ্ঠানটি। কোম্পানিতে ৩ হাজার ৩০০ কর্মী রয়েছে, যাদের ২২ শতাংশ ইউনিয়নভুক্ত। ২০১৫ সাল থেকে আমেরিকায় তাদের দুধের ভোক্তা সামগ্রিক হারে ৬ শতাংশ কমেছে। সরবরাহকারী কমে যাওয়া, খুচরা ও পাইকারি ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে আয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দেউলিয়া ঘোষণার আবেদনের কারণ প্রসঙ্গে বর্ডেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সরসাম এক বিবৃতিতে বলেছেন, ‘গত ১৮ মাসে আমাদের অসংখ্য সাফল্য সত্ত্বেও দুগ্ধ শিল্পে কাঁচা দুধের ক্রমবর্ধমান দাম ও বাজারের চ্যালেঞ্জের কারণে সংস্থাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ঋণদাতাদের সঙ্গে বিভিন্ন
সম্ভাব্য কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে তাদের
সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।’