গর্ব করার আগে ভাবনায় পড়তে হয়
মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা এক নয়। মৌলিক চাহিদা বলতে অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনকে বোঝায়, যা একজন ব্যক্তির একান্ত প্রয়োজন। এ চাহিদা পূরণ না হলে অন্য কেউ এর জন্য দায়ী থাকবে না। কিন্তু যখনই অধিকারের প্রশ্ন আসে, তখনই বুঝতে হবে যে এগুলো পূরণ না হলে সরাসরি সরকার দায়ী হবে।
বাংলাদেশের সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে, ‘(১) এই ভাগের বিধানাবলির সহিত অসমঞ্জস সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ, এই সংবিধান-প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইয়া যাইবে। (২) রাষ্ট্র এই ভাগের কোন বিধানের সহিত অসমঞ্জস কোন আইন প্রণয়ন করিবেন না এবং অনুরূপ কোন আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোন বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইয়া যাইবে।’
অর্থাৎ জাতীয় সংসদে পাস হওয়া যেকোনো আইন যদি সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়, তবে তাৎক্ষণিকভাবে ওই আইন অসাংবিধানিক বলে বাতিল হয়ে যাবে।
বাক্স্বাধীনতা হচ্ছে আমাদের প্রত্যেক নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে অর্থাৎ ২৬ থেকে ৪৭ক অনুচ্ছেদ পর্যন্ত আমাদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ-সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।’
এবার আসি অন্য কথায়। গত বছর বইমেলাতে যোগ দিতে বরাবরের মতোই আমেরিকা থেকে বাংলাদেশে গেলাম। সেবার ২২ ফেব্রুয়ারি মেলার গেটে কাছে দেখি এক পুলিশের সঙ্গে এক তরুণের বাগ্বিতণ্ডা করছেন। ওই পুলিশ এক বৃদ্ধ চা বিক্রেতাকে মেলায় ঢুকতে দিচ্ছেন না। আর ওই তরুণ পুলিশের সঙ্গে এ নিয়ে তর্ক করছেন। তরুণটি চাইছিলেন, পুলিশ যেন বৃদ্ধ চা বিক্রেতাকে মেলায় ঢুকতে দেয়, যাতে তাঁর এক দিনের খাবার অন্তত জোটে। উদ্দেশ্য নিঃসন্দেহে মানবিক। কিন্তু এ তর্কের ফল দাঁড়াল পুলিশ কিছুক্ষণের মধ্যেই ওই তরুণের ব্যাগ তল্লাশি করতে চাইলেন। মুখে বললেন, ব্যাগে বই নাকি ফেনসিডিল দেখতে চান তিনি। বিষয়টি কোথা থেকে কোথায় গেল বোঝাই যাচ্ছে। আমার জন্য বিষয়টি ছিল একেবারেই নতুন। প্রতিবাদ করতে চাইলেও সঙ্গীদের বাধায় পারলাম না। এর কারণ? কারণ হলো, আমি মুখ খুললে, আমার ব্যাগেও অবৈধ ইয়াবা বা অন্য কিছু রাখার অপরাধে পুলিশের পাশে গাড়িতে চড়তে হতো।
বাক্স্বাধীনতা নিয়ে এত কথা বলার কারণ আমার হতাশা। নিজেকে নিয়ে কোনো হতাশা নেই আমার। হতাশ হয়েছি চটের ব্যাগ কাঁধে ভার্সিটির সেই তরুণটির কথা ভেবে, যিনি প্রতিবাদ করার অধিকারটুকুও হারিয়ে বসে আছেন। যে দেশে প্রশাসনিক দাপটে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার অধিকার থাকে না, যে দেশে একজন অসহায় বৃদ্ধার পাশে সাহায্যের হাত বাড়াতে গিয়ে একজনকে বনে যেতে হয় মাদকাসক্ত, অথচ রমরমা মাদকের ব্যবসা চলে পুলিশের নাকের ডগা দিয়েই, সে দেশ নিয়ে গর্ব করার আগে আমাকে নানা ভাবনায় পড়তে হয়!