গর্ভপাত ও অভিবাসনবিরোধী নীতি নিয়ে এগোচ্ছেন ট্রাম্প
জাতীয় নিরাপত্তার হুমকি থেকে আমেরিকাকে রক্ষা করতে অভিবাসী ও শরনার্থীবিরোধী নীতিগুলোর পাশাপাশি এখন গর্ভপাতবিরোধী নীতি নিয়ে মাঠে নামছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্ষমতায় আসার পর গর্ভপাত সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন। এ জন্য প্রজনন অধিকার বিরোধী আইন প্রণয়নে ফেডারেল বেঞ্চের রক্ষণশীল বিচারপতিদের দলে টানার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে কঠোর গর্ভপাত আইন পাস করতে অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করেছেন। এমনকি প্ল্যানড প্যারেন্টহুড সংস্থার তহবিলও তিনি বন্ধ করে দিতে চাইছেন।
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন পরিবারনীতি সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে কর্মকর্তাদের পাঠান। সেখানে কর্মকর্তারা হাঙ্গেরির অভিবাসনবিরোধী নীতির প্রশংসা করেছেন। একই সঙ্গে হাঙ্গেরির সংবিধানে যুক্ত নতুন নীতিমালায় গর্ভধারণের মুহূর্ত থেকেই ভ্রূণ রক্ষা করার নীতিকেও সমর্থন করেন।
অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমেরিকা যতক্ষণ পর্যন্ত না “কঠোর বাছাই” প্রক্রিয়া চালু করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমেরিকায় বাস করতে ইচ্ছুক কোনো শরণার্থী বা অভিবাসী গ্রহণের প্রক্রিয়া আমেরিকাকে স্থগিত রাখতে হবে।’
গর্ভপাত অবৈধ করার বিষয়ে তিনি বলেছিলেন, যেসব নারী গর্ভপাত করান, তাঁদের জন্য কোনো শাস্তির বিধানের পক্ষে তিনি। পরে অবশ্য তিনি এ ধরনের বিবৃতি প্রত্যাহার করে নেন।