যুক্তরাষ্ট্রে গর্ভপাত বিষয়ে কোনো অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণকে অসাংবিধানিক উল্লেখ করে গত সোমবার রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়টিকে যুক্তরাষ্ট্রে উদারনৈতিকদের পক্ষে ‘শতাব্দীর সেরা রায়’ বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে নারীর গর্ভধারণের ২০ সপ্তাহ পর গর্ভপাত আইনত নিষিদ্ধ। দেশটির সমাজ গর্ভপাতের বৈধতা-অবৈধতা নিয়ে চরমভাবে বিভক্ত।
সম্প্রতি টেক্সাসের এক আদালত অঙ্গরাজ্যজুড়ে গর্ভপাত ক্লিনিকের ওপর কড়াকড়ি আরোপ করে রায় দেন। এ নিয়ে শুধু
টেক্সাস নয়, দেশজুড়ে গর্ভপাতের পক্ষের লোকজনের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে দেশের নাগরিক সংগঠন এবং রক্ষণশীলদের মধ্যে রায় নিয়ে দেখা দেয় উৎকণ্ঠা।
সুপ্রিম কোর্টের রায়ে ৫-৪ সংখ্যাগরিষ্ঠতায় গর্ভপাত করতে আগ্রহীদের ওপর সরকারের নিয়ন্ত্রণকে স্পষ্টত দুর্বল করে দেওয়া হয়।
অনুকূলে রায় পাওয়ার পর জেনারেল উইমেন ল সেন্টারের মুখপাত্র এমিলি মার্টিন বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে নারীদের সাংবিধানিক অধিকার আরও পাকাপোক্ত হলো।
গর্ভপাতের বিরোধী ন্যাশনাল লাইফ কমিটির ক্যারোল টবিয়াস হতাশা প্রকাশ করে বলেছেন, ‘জীবন রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে।’
গর্ভপাত যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত একটি মোক্ষম নির্বাচনী ইস্যু হিসেবেও আবির্ভূত হয়। মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের এ রায়টিও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শারীরিক জটিলতা থাকা বা অপ্রত্যাশিত হওয়াসহ সামাজিক ও পারিবারিক অনেক যুক্তিতে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের পক্ষে আন্দোলন চলে আসছে। রক্ষণশীল এবং ধর্মভিত্তিক গোষ্ঠী গর্ভপাত নিয়ন্ত্রণ করতে চায়।