গলফ খেলে কাটল ওবামার অবসরের প্রথম দিনটি
সাধারণ নাগরিকের জীবন শুরু করা যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অবসরের প্রথম দিনটি কাটালেন গলফ খেলে। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার পরপরই অবকাশ কাটাতে ক্যালিফোর্নিয়ায় যান ওবামা দম্পতি।
ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান শেষে ওবামা-মিশেল দম্পতি হেলিকপ্টারে করে ম্যারিল্যান্ডের বিমানঘাঁটিতে যান। সেখান থেকে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমানে করে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা দেন। প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত বিমানটিতে সেটাই ওবামার শেষ ভ্রমণ।
ভারী বৃষ্টিপাত এবং মেঘের কারণে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিং বিমানবন্দরে নামতে বেশ বেগ পেতে হয় ওবামার বিমানের পাইলটকে। তিনবার চেষ্টা করেও দৃষ্টিসীমার স্বল্পতার কারণে অবতরণ করতে পারেননি। পরে বিমানটি নিয়ে যাওয়া হয় ৪৪ মাইল দূরের মার্চ বিমানঘাঁটিতে।
ক্যালিফোর্নিয়ার বিনোদন শহর র্যাঞ্চো মিরেজে সাবেক স্প্যানিশ রাষ্ট্রদূত জেসম কস্তোসের বাড়িতে ছিলেন ওবামা দম্পতি। পরদিন বেলা সাড়ে ১১টায় মোটর শোভাযাত্রায় পরকুপাইন ক্রিক গলফ কোর্সে যান ওবামা। নিরাপত্তায় ছিলেন ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যরা।