গাড়ি পানিতে পড়ার ১২ ঘণ্টা পরও জীবিত শিশু
সেতু থেকে পানিতে পড়ে যাওয়া একটি গাড়ি থেকে ১২ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার এক মৎস্যজীবী ওই শিশু ও সঙ্গে থাকা মায়ের লাশ উদ্ধার করেন।
আজ সোমবার এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের স্প্যানিশ ফর্ক শহরে এ ঘটনা ঘটে। লিন জেনিফার গ্রোয়েসবেক (২৫) নামের এক নারী গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় এটি সেতু থেকে নিচে পানিতে পড়ে যায়। গাড়িতে জেনিফারের শিশুকন্যাও ছিল। গাড়িটি উল্টে গিয়ে পানিতে ভাসছিল। দুর্ঘটনায় জেনিফার মারা যান। তবে তীব্র শীতে প্রায় ১২ ঘণ্টা কাটানোর পরও শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, একজন মাছ শিকারি জেনিফারের লাশ ও শিশুটিকে দেখতে পান। তিনি পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, শিশুটির অবস্থা স্থিতিশীল, তবে সংকট পুরোপুরি কাটেনি।