গানে গানে শাহ মাহবুব

শাহ মাহবুব, উত্তর আমেরিকায় বাংলার লোকগানের গর্বিত প্রজন্ম। লোক ও ফোক গানের আলোচনা উঠলেই সবার চোখের সামনে ভেসে ওঠা নাম শাহ মাহবুব। নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, মিশিগান, ফ্লোরিডা ও কানাডার বাংলাদেশি-অধ্যুষিত এলাকাগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই শাহ মাহবুব। ভক্তরা বলেন, উত্তর আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় ‘বাঙালি সংগীত’ তারকা বলতে একবাক্যে শাহ মাহবুবকেই বোঝায়। দেশীয় অনুষ্ঠানের পাশাপাশি ভারতীয়দের অনুষ্ঠানেও সমান দাপটে ঘণ্টার পর ঘণ্টা গান করে মাতিয়ে রাখতে পারেন বাংলাদেশি শাহ মাহবুব। তাঁর তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হলো যার লাগিয়া সদাই কান্দি, বন্ধুয়া মোর রসিয়া ও প্রেম সাধনা। এর একটিতে বিশেষভাবে স্থান পেয়েছে উত্তরবঙ্গের লোকসংগীত। অন্য শিল্পীদের সঙ্গে রয়েছে বেশ কয়েকটি মিক্সড অ্যালবাম।
চার বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন শাহ মাহবুব। তাঁর দাদার বাড়ি বগুড়ায় আর নানার বাড়ি গাইবান্ধায়। দাদার বাড়ির চারদিকে ছিল অনেকগুলো হিন্দু বাড়ি। এসব বাড়িতে গানবাজনার আসর জমত প্রায় সময়। সেই আসর দেখেই ছুটে যেতেন প্রতিবেশী নারায়ণ চন্দ্র মণ্ডলের কাছে। এই নারায়ণ মণ্ডলের কাছেই শাহ মাহবুবের গানে হাতে খড়ি। নারায়ণ মণ্ডল এলাকায় গানের শিক্ষক ছিলেন।
মাহবুব প্রথম আলোকে বলেন, ছোটবেলায় এলাকার মুরব্বিরা বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়াতেন। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানগুলো আমি তখন গাইতাম। ভরতখালী কালীমন্দিরে শ্যামাসংগীত দিয়ে কোনো অনুষ্ঠানে গান গাওয়া শুরু করি। ওই দিন গেয়েছিলাম কাজী নজরুলের লেখা একটি শ্যামাসংগীত। বয়স যখন ছয়, তখন আমি প্রথম মঞ্চে গান করি। মরমি শিল্পী আবদুল আলিমের বিখ্যাত গান ‘কল কল ছল ছল নদী করে টল মল’। এরপর করেছি আব্বাসউদ্দিনের গাওয়া ‘কিও বন্ধু কাজল ভোমরারে’।
শাহ মাহবুব বলেন, ওস্তাদ অবনি মোহন দে সিরাজগঞ্জের হলেও ঢাকায় থাকতেন। তাঁর কাছে ক্লাসিক্যাল তালিম নেওয়া শুরু করি। ছোটবেলায় নারায়ণ চন্দ্র মণ্ডলের কাছে সারগামের হাতেখড়ি হলেও পরিপূর্ণ সংগীত শেখা শুরু হয় ওস্তাদ অবনি মোহনের কাছে।
কলেজজীবন শেষ করে ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শাহ মাহবুব। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাস করেন। ইন্টার পাস করার পর এক ১২ নভেম্বর বাবাকে হারান শাহ মাহবুব। এই শোকে চার দিন পর তাঁর নানা মারা যান। নানার স্বপ্ন ছিল শাহ মাহবুবকে একজন আইনজীবী হিসেবে তৈরি করার। তাঁদের আকস্মিক মৃত্যুতে শাহ মাহবুবের সবকিছুতে ছন্দপতন ঘটে।
শাহ মাহবুব ঢাকার আব্বাসউদ্দিন একাডেমিতে ভর্তি হন। ওস্তাদ সায়ীদের কাছ থেকে উচ্চাঙ্গসংগীত শেখেন শাহ মাহবুব। পল্লিগীতি ও নজরুলগীতি শেখেন আজিজুল ইসলাম ও ইদ্রিস আলীর কাছ থেকে।
শাহ মাহবুব বলেন, ‘ওস্তাদ আজিজুল ইসলাম আমাকে ২৫টি গান শেখান। তিনি একদিন রেডিওতে গান গাওয়ার অডিশনের একটি কন্ট্রাক্ট ফরম বাড়িতে নিয়ে আসেন এবং তাতে আমাকে দিয়ে সই করিয়ে নেন। ১৯৯৬ সালের শেষের দিকে ঢাকা বেতারের জন্য অডিশন দিয়ে কৃতকার্য হই। রেডিওতে এনলিস্টেড আর্টিস্ট হয়ে যাই।’