গার্নার পরিবারকে ৫৯ লাখ ডলার দেবে নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশি হেফাজতে মৃত্যুবরণকারী কৃষ্ণাঙ্গ এরিক গার্নারের পরিবারকে ৫৯ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ গত সোমবার এ ঘোষণা দিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড এলাকায় বেআইনি সিগারেট বিক্রির অভিযোগে গার্নারকে গত বছরের ১৭ জুলাই আটক করা হয়। আটকের সময় পুলিশ গার্নারের গলা চেপে ধরলে তিনি শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গার্নার হাঁপানি রোগী ছিলেন।
৪৩ বছর বয়সী এরিক গার্নারের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার আইনি পদক্ষেপ নেয় এবং নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের কাছে সাড়ে সাত কোটি ডলার চেয়ে মামলা করে। নগরের ডাক্তারি পরীক্ষা বিভাগ গার্নারের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। তবে বিচারের জন্য গঠিত গ্র্যান্ড জুরি ওই ঘটনায় জড়িত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করার আবেদন গত ডিসেম্বরে প্রত্যাখ্যান করেন।
নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের কম্পট্রোলার স্কট স্ট্রিংগার বলেন, বিচারিক পর্যালোচনা এবং মামলাটি যাচাইয়ের পর তাঁর কার্যালয় এরিক গার্নারের পরিবারকে ৫৯ লাখ ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নগর কর্তৃপক্ষ ঘটনাটির দায় স্বীকার করেনি।
নাগরিক অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী রেভারেন্ড আল শার্পটন ওই সমাবেশে অংশ নেবেন। তিনি বলেন, ‘এটা শুধু অর্থ পাওয়ার বিষয় নয়। এটা ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন। পুলিশ বিভাগে সংস্কার করতে হবে।’