গাড়ি থামিয়ে শিশুকে বুকের দুধ খাওয়ানোয় জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাউনটাউন ম্যানহাটনের ‘নো স্ট্যান্ডিং’ জোনে গাড়ি থামিয়ে শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় ১১৫ ডলারের টিকিট পেলেন গিলারমিনা রড্রিগাজ। ক্ষুব্ধ রড্রিগাজ এ বিষয়ে ব্রেস্ট ফিডিং কাউন্সেলরের শরণাপন্ন হয়েছেন।
১১ এপ্রিল গাড়ি চালনারত অবস্থায় গিলারমিনা রড্রিগাজের তিন সপ্তাহ বয়সী শিশুটি ক্ষুধায় কেঁদে উঠলে তিনি দ্রুত পার্কিং স্পট খোঁজার চেষ্টা করেন। অনেকক্ষণ খুঁজেও কোনো স্পট না পেয়ে নিরুপায় হয়ে তিনি প্যান স্টেশন থেকে ব্লকের একটু ভেতরে বাণিজ্যিক অঞ্চলে নিরাপদ ভেবে গাড়ি থামিয়ে শিশুকে বুকের দুধ খাওয়ান। এ কারণে তাঁকে এই মাশুল দিতে হলো। বাণিজ্যিক অঞ্চলে গাড়ি থামানোর জন্য রড্রিগাজের টয়োটা সাবআরবান গাড়িটি টো করে নেওয়া হয়। এ ছাড়া গাড়িতে শিশু এলিয়ানাকে বুকের দুধ খাওয়ানোরত অবস্থায় এনওয়াইপিডির ট্র্যাফিক এজেন্ট তাঁকে ১১৫ ডলারের পার্কিং টিকিট দেন।
ওয়াশিংটন হাইটসে বসবাসকারী ৩০ বছর বয়সী রড্রিগাজ টাইমস স্কয়ারের কাছে স্বামীকে দন্ত চিকিৎসকের কাছে নামিয়ে দেওয়া মাত্রই তাঁর মেয়ে এলিয়ানা টোরেস কাঁদতে শুরু করে। তিনি বলেন, ‘এ অবস্থায় আমি গাড়িটি পার্ক করি। ডাবল পার্কিং করে ব্রেস্ট ফিড করা সম্ভব ছিল না। আমি ‘নো স্ট্যান্ডিং’ বাণিজ্যিক সাইনটি দেখতে পেয়েছি, কিন্তু ডাউনটাউনে কোথায় পার্কিং আছে? ’
বেলা সাড়ে ১১টার দিকে যখন রড্রিগাজ গাড়ি পার্ক করে পেছনের সিটে শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করেন তার ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে একজন এনওয়াইপিডি ট্র্যাফিক এজেন্ট টো ট্রাক নিয়ে তাঁর গাড়িটি তুলে নিতে হাজির হন।
রড্রিগাজ বলেন, ‘আমি হর্ন বাজাই যেন তিনি বুঝতে পারেন ভেতরে কেউ আছে। তিনি ভেতরে তাকিয়ে আমাকে দেখেছেন। আমি তাঁকে দেখালাম যে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছি। তারপরও তিনি আমাকে টিকিট দিলেন।’
টিকিট পাওয়ার পর রড্রিগাজ একটি সংক্ষিপ্ত ভিডিও রেকর্ড করেন যাতে তিনি এজেন্টের টো ট্রাকের পেছনটা তুলে ধরেন এবং তারপর এলিয়ানাকে বুকের দুধ খাওয়ানোর রেকর্ড করেন। সেই রেকর্ডিংয়ে তিনি বলেন, ‘আমি এখানে আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছি আর তিনি আমাকে টিকিট দিচ্ছেন। বাহ! বেশ ভালো!’
রড্রিগাজ বলেন, তিনি মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে অনুসন্ধান করে ব্রেস্ট ফিড করানোর পক্ষে অ্যাডভোকেসি গ্রুপ লা লিচে লিগের ওয়েবসাইটটি খুঁজে পান। সেখানে তিনি আপার ওয়েস্ট সাইড ব্রেস্ট ফিডিং কাউন্সেলর লওরা বেথ গিলম্যানের শরণাপন্ন হন।
ব্রেস্ট ফিডিং কাউন্সেলর লওরা বেথ গিলম্যান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ট্রাফিক এজেন্টকে জরুরি অবস্থার মতো করে অবস্থা বিবেচনা করা উচিত ছিল। যদি গাড়ির একটি টায়ার নষ্ট হতো তাহলে কি টিকিট দিত? যদি স্বাস্থ্যের জরুরি অবস্থা হতো তাহলে কি টিকিট দিত? শিশুকে ব্রেস্ট ফিড করে শান্ত করা সেই মুহূর্তে জরুরি ছিল।’ টিকিটটি টেনে ছিঁড়ে ফেলা উচিত বলে গিলম্যান মনে করেন এবং ট্র্যাফিক এজেন্টদের এই ধরনের পরিস্থিতি পরিচালনা করার জন্য আরও ভালো প্রশিক্ষণ নেওয়া দরকার বলেও তিনি মনে করেন।
গিলম্যান বলেন, ‘শিশুর কান্নায় প্রতিক্রিয়া জানানো মা হিসেবে আপনার স্বভাবগত ও জেনেটিক বৈশিষ্ট্য। এ অবস্থা একজন মাকে পাগল করে তুলতে পারে। আর আপনি যদি প্রতিক্রিয়া দেখান তবেই আপনি একজন ভালো মা।’
এদিকে ১১ এপ্রিল রাতে এনওয়াইপিডির একজন মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।