গুজবে কান না-দেওয়ার উপায়
পদ্মা সেতুর নির্মাণকাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। তার ব্যাখ্যা দিতে পদ্মা সেতু কর্তৃপক্ষ স্পষ্টভাবে বিজ্ঞপ্তি দিয়েছে, ‘এটি একটি গুজব। এর কোনো সত্যতা নেই। এমন অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা যাচ্ছে।’
শুধু কি তাই? গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং চট্টগ্রামের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। সর্বাধিক পঠিত জনপ্রিয় প্রথম আলো থেকে শুরু করে দেশের প্রায় সব সংবাদমাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরও যখন মানুষ এসব গুজবে কান দেয়, তখন স্বভাবতই প্রশ্ন জাগে আমরা কি আমাদের জ্ঞানের ব্যবহার করি? একবারও কি ভেবে দেখি, সেতুর কোন জায়গায় মানুষের মাথার প্রয়োজন?
২০০৭ সালের গ্রীষ্মকালে আমি আর আমার ছোট ভাই তনয় থাকতাম সিলেট শহরের নবাব রোডে একটা ছোট এক রুমের বাসায়। হঠাৎ এক রাতে আমরা শুনলাম-কী যেন একটা উদ্ভট নম্বর ‘০০০০’ থেকে কল আসলেই মানুষ সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যাচ্ছে। কেউ বমি, কেউ স্ট্রোক, কেউ হার্ট অ্যাটাক করছে। মানুষকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে। বাসার কাছেই ঠিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন মুমূর্ষু অবস্থায় ১৫-১৬ জন রোগী। তাঁরা সবাই তাঁদের ফোনে ‘০০০০’ থেকে আসা কল ধরেই এই বিপদে পড়ছেন।
খবরটা যেন আলোর গতিকে পেছনে ফেলে মানুষের কানে কানে পৌঁছে গেল! বাড়ি থেকে মা কল দিলেন। ভয় পেয়ে আচমকা তনয় মোবাইলের দিকে তাকিয়ে বলল, ‘ও আচ্ছা, মা কল দিচ্ছেন’! এ যেন প্রাণে বাঁচলাম এ রকম ভাব! যদি ওই ‘০০০০’ নম্বর থেকে কল আসত? যাই হোক, মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারলাম তিনিও বিশাল আতঙ্কে। সাধ্যমতো বুঝিয়ে ফোন রাখলাম। কিছুক্ষণ পরই তনয় বলে, ‘আমার শরীর যেন কী করছে!’
জিনিসটাকে সহজ করার জন্য তনয়কে অনেক বোঝালাম। ফোন বাসায় রেখে তাকে নিয়ে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ এটা–ওটা বলার পর সে আমাকে বলল, ‘আমাকে জরুরিভাবে মনে হয় হাসপাতালে ভর্তি হতে হবে।’ অনেকভাবে তাকে বিষয়টা বোঝালাম যে, এখনো এই বিশ্বে এমন কোন প্রযুক্তি অনুযায়ী ফোন ধরলে কেউ হার্ট ফেইল করতে পারে না। বিষয়টা সম্পূর্ণই গুজব। আস্তে আস্তে সে ভালো অনুভূতি পেলে সে রাতে কোন রকম বাসায় ফিরে এসে ঘুমালাম। পরের দিন পত্রিকায় দেখলাম কী খারাপ অবস্থা! আমরা যদি গুজবে বিশ্বাস না করে নিজ নিজ জ্ঞানের মূল্য দিতে পারতাম, তাহলে মনে হয় ওই দিন অবস্থা এত খারাপ হতো না।
মানুষ তাঁর সাধারণ জ্ঞানের ব্যবহার করতে না চাইলে কে বোঝাবে, কোনটা গুজব আর কোনটা সঠিক। অনেক মানুষকেই বলতে দেখেছি, তাঁরা বললেন যে তাঁরা বিশ্বস্ত সূত্র থেকে একটি তথ্য জেনেছেন। সুতরাং সেটি গুজব হতেই পারে না। চলুন দেখা যাক এমন একটি উদাহরণ।
সূর্য অস্ত যাওয়ার ঠিক পরপরই যদি আপনার কাছের সবচেয়ে বিশ্বস্ত মানুষটি দৌড় দিয়ে এসে বলে, ‘জানো, জানো? আজ আমাদের গ্রামের/শহরের পশ্চিম দিকে সূর্যটা মাঠে পড়ে গেছে। অনেক মানুষ দলে দলে সেই সূর্যটা দেখতে যাচ্ছিল। আগ্রহ থামতে না পেরে আমি নিজেও গিয়েছিলাম সেই সূর্যটা দেখতে…’। আপনি তাঁর কথাগুলো কতটুকু বিশ্বাস করবেন? যদি আপনার সেই বিশ্বস্ত মানুষটিকে বিন্দুমাত্রই বিশ্বাস না হয়, তাহলে ভাবুন কেন বিশ্বাস করেননি। আপনি যে জন্য তাঁকে বিশ্বাস করেননি সেটাই হচ্ছে আপনার জ্ঞান। কারণ আপনি জানেন সূর্য পৃথিবী থেকে কতগুণ বড়। তাই, সূর্য পৃথিবীতেই জায়গা ধরবে না, আর গ্রাম/শহরের পশ্চিম দিকের মাঠে! আপনি আরও জানেন যে সূর্যের তাপমাত্রার কত হাজার কিলোমিটার কাছে আসলেই আপনার আমারসহ পৃথিবীর সব মানুষের কী হবে! তাই, আপনার জ্ঞানের কাছে আপনার বিশ্বস্ততার মূল্য কতটুকু?
আমার জানা মতে, নিজ জ্ঞান ব্যবহার করার মতো ছোট্ট এই সমাধান প্রায় সব গুজবেই কাজ করে। সেটা বরিশাল নগরে ‘ছেলেধরা’ আতঙ্কের গুজবই হোক আর ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর গ্রামের টিউবওয়েলের পানি পান করলে সব রোগ সেরে যাওয়ার গুজবই হোক কিংবা পাইকগাছাবাসীর ‘বোরকা পার্টি’ আতঙ্কের গুজবই হোক। নিজ জ্ঞানই উত্তর দিতে পারে কোনটা গুজব আর কোনটা ঠিক।
কাজেই, নিজ জ্ঞানের সঠিক ব্যবহার করুন। সেটাই হবে গুজবে কান না দেওয়ার একমাত্র উপায়। তা না হলে কবি শামসুর রাহমানের ‘পণ্ডশ্রম’ কবিতার চিল বারবার আমাদের কান নিয়ে যাবে। আর আমরা মিটিং–ফিটিং করেও কান না পেয়ে প্রভুর ওপর ভরসা করব। একবারও নিজ কান ঠিক জায়গায় আছে কি না, সেটা হাত দিয়ে দেখব না।