
বাংলাদেশের মানুষ গুম, হত্যা আর রাহাজানিতে অতিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে নিউইয়র্কের ব্রুকলিনের একটি টাউন হল সভায়। ২১ মে নিউইয়র্কের লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল এল এল সি ও বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী দল ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় এ টাউন হল সভার আয়োজন করে।
‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা এবং আধিপত্যবাদের আগ্রাসী চক্রান্ত রুখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই’ শীর্ষক এ টাউন হল সভায় আরও অভিযোগ করা হয়, বাংলাদেশের প্রতিবাদী মানুষের কণ্ঠ চেপে ধরেছে বর্তমান সরকার। এ অবস্থায় ঐক্যবদ্ধ হতে হবে দেশপ্রেমিক জাতীয়বাদী শক্তিকে। কারণ এর কোনো বিকল্প নেই।
বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আবু সুফিয়ান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন আমেরিকান অ্যাটর্নি ডেভিড কর্নগোল্ড, অ্যাটর্নি রনস্ফী বিয়ার, সাবেক স্টেট সিনেটর হিরাম মনসেরাত, সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবদিন, সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক আবু হক, এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, নিরু এস নীরা, সালেহ আহমেদ মানিক, জাহাঙ্গীর সারওয়ার্দী, আহসান উল্লাহ্ মিন্ট, মোশাররফ হোসেন সবুজ, নুরুল ইসলাম, জাগপার সভাপতি রহমত উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে টাউন হল মিটিংয়ের উদ্দেশ্য ব্যাখা করেন লিগ্যাল নেটওয়ার্ক এল এল সি’র সিইও জ্যাকব মিল্টন। অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ মানিক।
অনুষ্ঠানে অ্যাটর্নি ডেভিল কর্নগোল্ড বলেন, বাংলাদেশে মানবাধিকারের চরম অবনতি ঘটেছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করে দিয়েছে সরকার। এর সঙ্গে ভয়াবহ বিষয় হচ্ছে হত্যা, গুম। জ্যাকব মিল্টন বলেন, বাংলাদেশে আইন বহির্ভূত গুম হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই।
নিরু এস নীরা বলেন, দেশ হচ্ছে আমার মা। সেই মাকে স্বাধীন করতে আত্মাহুতি দিয়েছে অগণিত মানুষ। তাদের চোখে ছিল একটি স্বপ্ন। গণতন্ত্র আর প্রাণখুলে মতো প্রকাশের স্বাধীনতা। কিন্তু আজকের বাংলাদেশ দেখলে কি তা মনে হয়?
আবু সুফিয়ান বলেন, বাংলাদেশে খুন, গুম নিত্য দিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষ হারিয়ে গেছে। গুম হওয়া মা বাবা আত্মীয়স্বজনদের আহাজারিতে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবদিন বলেন, বিএনপি আজ কোথায়? জ্যাকব মিল্টন জীবনের হুমকি নিয়ে দেশের পক্ষে কাজ করছেন। অথচ এটা করার কথা ছিল বিএনপির, কিন্তু তা তারা করছে না।
আবু হক বলেন, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এটা ডাকার কথা ছিল বিএনপিসহ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক শক্তি গুলোর। কিন্তু তারা যখন দায়িত্ব পালন করছেন না তখন জ্যাকব মিল্টন এগিয়ে এসেছেন।
কাজী শামসুল হক বলেন, বাংলাদেশ পরিস্থিতির ওপর লিগ্যাল নেটওয়ার্ক যে কাজ করছে তাতে দেশপ্রেমিক সকলকে তাদের সহযোগিতা করা উচিত। বিএনপি সন্ত্রাসী সংগঠন নয় এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কমিটির বা স্থানীয়দের। কিন্তু কাউকে এসব করতে দেখা যায় না।
সাবেক সিনেটর হিরাম মনসেরাত বলেন, বিএনপিকে আমি অনেক দিন থেকে জানি। তাদের চরিত্রে কোনো ধরনের সন্ত্রাসী কিছু নেই। একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে এটা করা হয়েছে।