গুয়ানতানামো থেকে দেশে ফিরল ৪ আফগান
এক দশক বন্দী থাকার পর গুয়ানতানামো বে কারাগার থেকে আফগানিস্তানের চারজন নাগরিক দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে গত শুক্রবার রাতে কাবুলে পৌঁছানোর পর তাঁদের আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শনিবার পেন্টাগন এ তথ্য জানায়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই চার আগফান নাগরিক হলেন: শাওয়ালি খান, খাই আলি গুল, আবদুল ঘানি ও মোহাম্মদ জহির। তাঁদের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার এক সপ্তাহ পর কারাগার থেকে মুক্তি পান তাঁরা।
ওবামা প্রশাসন কিউবায় যুক্তরাষ্ট্রের এই সামরিক কারাগারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে এখানকার বন্দীদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হচ্ছে। এই কারাগারে এখনো বন্দী থাকা ১৩২ জনের মধ্যে আটজন আফগানিস্তানের বলে ধারণা করা হচ্ছে।
পেন্টাগন এক বিবৃতিতে জানায়, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ছয়টি মন্ত্রণালয় ও সংস্থা এই চারজনের মুক্তির বিষয়টি অনুমোদন করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ উল্লেখ করে ২০০২ সালে ‘শত্রু যোদ্ধাদের’ আটক রাখতে এই কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র।