যুক্তরাষ্ট্রের নির্বাচনে এশীয়-আমেরিকানদের গুরুত্ব বেড়েই চলেছে। তাই এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন চান আসন্ন নির্বাচনে অধিক সংখ্যায় এশীয়-আমেরিকানরা যেন ভোটকেন্দ্রে যান এবং অবশ্যই তাঁদের ভোট ডেমোক্র্যাটদের বাক্সে ফেলেন।
এ বিষয়টি নিশ্চিত করতে এশীয়-আমেরিকানদের মধ্যে তাঁর নির্বাচনী প্রচারণা বাড়িয়েছেন হিলারি। সে উদ্দেশ্যে একটি রাজনৈতিক উদ্যোগও নেওয়া হয়েছে; যার নাম এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারস ফর হিলারি। গত সপ্তাহে এ উদ্যোগের উদ্বোধন উপলক্ষে ক্যালিফোর্নিয়ার সান গ্যাব্রিয়ালে গিয়েছিলেন হিলারি।
হিলারির পক্ষে এ কাজে নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্রেটিক পার্টির চীনা বংশোদ্ভূত কংগ্রেস সদস্য জুডি চু। সান গ্যাব্রিয়েলের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে হিলারি ও চু উভয়েই স্বীকার করেন, এশীয়-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর অধিবাসীরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত বিকাশমান বর্ণভিত্তিক গ্রুপ। প্রথাগতভাবে তারা ডেমোক্রেটিক পার্টির পক্ষে ভোট দেন—এটা জেনে এই গ্রুপের প্রতি কার্যত মনোযোগ দেওয়া হয় না। এ বছর হিলারি সেই নিয়ম বদলাতে চান।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ সব দক্ষিণ এশীয় দেশকেই এশীয়-আমেরিকান এই বৃহত্তর গ্রুপের ভেতর ফেলা হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট শ্যাপিরো প্রথম আলোকে বলেন, দক্ষিণ এশীয়দের গুরুত্ব জাতীয় পর্যায়ে যতটা নয়, তার চেয়ে অনেক বেশি স্থানীয় পর্যায়ে। প্রধানত আগের ও পশ্চিমের কয়েকটি রাজ্যেই দক্ষিণ এশীয়রা অধিক সংখ্যায় বাস করেন। নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া বা মিশিগানে তাঁদের সংখ্যাধিক্য থাকায় স্থানীয় কাউন্সিল পর্যায়ের নির্বাচনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তবে সমস্যা হলো, এই গ্রুপের সদস্যরা খুব কম সংখ্যায় ভোট দিতে যান। রাজনীতিতে সরাসরি আসতে চান এমন লোকের সংখ্যাও নামমাত্র।
এই মূল্যায়নের সঙ্গে একমত নিউজার্সি থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরন নবী। তিনিই একমাত্র বাংলাদেশি, যিনি পরপর তিনবার এ পদে নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম আলোকে জানান, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। রক্ষণশীল রিপাবলিকান রাজনীতিকেরা মুসলিম ও বহিরাগতদের বিরুদ্ধে যে তীব্র বিদ্বেষপূর্ণ প্রচারণায় নেমেছেন, তার সঠিক জবাব হবে যদি চলতি বছরের নির্বাচনে এশীয়-আমেরিকানরা কার্যকর অংশ নেন। তিনি আশা করেন, আরও অধিক সংখ্যায় বাংলাদেশিরা মূলধারার রাজনীতিতে অংশ নেবেন।
২০১৬ সালের মার্কিন কংগ্রেস নির্বাচনে একাধিক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিস। তিনি ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় সিনেটর বারবারা বক্সারের ছেড়ে যাওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন। তাঁকে এ মুহূর্তে দলীয় প্রার্থিতা লাভে লড়তে হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাক্সিকান বংশোদ্ভূত লরেটা স্যাঞ্চেজের সঙ্গে।
সর্বশেষ জনমত গণনা অনুসারে, কমলা হ্যারিস ২৭ শতাংশ জনসমর্থন নিয়ে স্যাঞ্চেজের চেয়ে এগিয়ে রয়েছেন।