গুলিতে অসংখ্য মৃত্যু, তবু অস্ত্র আইন শিথিলের তোড়জোড়
কানেকটিকাটের নিউ টাউন, কলোরাডোর অরোরা ও কলোম্বাইন হাইস্কুল এবং ফ্লোরিডার অরল্যান্ডোয় গত কয়েক বছরে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় শিশুসহ নিহত হয় অনেক মানুষ। সে সময় আমেরিকাজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার জোর দাবি উঠেছিল। কমপক্ষে অস্ত্র বিক্রির আগে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সে সময়। একই সঙ্গে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিনের সক্ষমতা নির্দিষ্টকরণ, প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধসহ এর প্রদর্শন নিয়ন্ত্রণের দাবিও ওঠে বিভিন্ন সময়ে।
কিন্তু আলেক্সান্দ্রিয়ায় বেসবল প্র্যাকটিসের সময় রিপাবলিকান জনপ্রতিনিধি স্টিভ স্ক্যালিসের ওপর হামলার ঘটনার পর বদলে যায় পুরো দৃশ্যপট। এখন উল্টো অস্ত্র নিয়ন্ত্রণ আইন শিথিলের আহ্বান জানাচ্ছেন আইনপ্রণেতারা। এক রিপাবলিকান নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আগের সব বন্দুক হামলায় নিহতদের কথা ভুলিয়ে দিতে চাইছে।
গত ১৪ জুন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেক্সান্দ্রিয়া শহরে এক বেসবল মাঠে ওই দলের অনুশীলনের সময় বন্দুকধারীর গুলিতে হামলায় গুরুতর আহত হন ওই অঙ্গরাজ্যের প্রতিনিধিসভার সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্ক্যালিস। এ ঘটনা অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভে উত্থাপিত এ-সম্পর্কিত তিনটি বিল গত দুই সপ্তাহে নতুন করে আলোচনায় এসেছে। এগুলো পাস হলে আইনপ্রণেতারা গোপনে অস্ত্র বহন করতে পারবেন। একই সঙ্গে অন্য অঙ্গরাজ্যেও অস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি মিলবে তাঁদের। আর সাইলেন্সার ব্যবহারের ওপর আরোপিত ফেডারেল বিধিনিষেধ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে তৃতীয় বিলটিতে। কিন্তু এসব আইন জননিরাপত্তা নিশ্চিতে খুব একটা কার্যকর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণা করছেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক রবার্ট স্পিটজার। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, গোপনে অস্ত্র বহনের বিষয়ে ১৯৮০ সাল থেকে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু অঙ্গরাজ্যগুলো এই নিষেধাজ্ঞা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সে সময় ১৯টি অঙ্গরাজ্য গোপনে অস্ত্র বহনের অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছিল। এখন এসব অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এই বিধিনিষেধ শিথিল করে দিয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত হওয়া ঘটনাগুলো আমাদের বলছে যে গোপনে অস্ত্র বহনের অনুমোদন জননিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তেমন কোনো উন্নতি ঘটাবে না।
আমেরিকায় অস্ত্র আইন শিথিলে প্রস্তাবিত আইনগুলোর কোনোটি কয়েক মাস, আবার কোনোটি কয়েক বছর ধরে প্রক্রিয়াধীন। কিন্তু স্টিভ স্ক্যালিসের ওপর বন্দুক হামলার ঘটনার পর ক্যাপিটলের ভেতরে-বাইরে সবখানেই এই আইনগুলো নিয়ে নতুন করে তোড়জোড় শুরু করেছে রিপাবলিকানরা। তাদের কাছে এটি এখন একটি ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
হামলার সময় স্টিভ স্ক্যালিসের কাছেই ছিলেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের আরেক সদস্য ব্যারি লাউডারমিল্ক। কঠোর অস্ত্র আইনের দাবিকারীদের সমালোচনা করে তিনি বলেন, খুব কাছ থেকে করা গুলিতে তাঁরা কি কখনো বিদ্ধ হয়েছেন? আত্মরক্ষার কোনো উপায় নেই জেনেও তাঁরা কি কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করেছেন? এ ধরনের কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গেলেই শুধু এর মাত্রা বোঝা যাবে।
অথচ এর আগে বড় ধরনের কয়েকটি বন্দুক হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটলেও বিদ্যমান অস্ত্র আইন আরও কঠোর করার বিষয়ে রিপাবলিকানদের মধ্যে কোনো তৎপরতা দেখা যায়নি। এর মধ্যে একটি হামলায় নিহত হয় ২০ শিশু, যাদের বয়স ছিল ছয়-সাত বছরের মধ্যে। ২০১২ সালের ১৪ ডিসেম্বর নিউ টাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে হওয়া ওই হামলায় স্কুলটির দুজন শিক্ষকসহ মারা যান আরও চারজন। এ ক্ষেত্রে গত বছর ফ্লোরিডার অরল্যান্ডোয় এক নাইট ক্লাবে বন্দুক হামলার ঘটনাও স্মরণযোগ্য। গত বছরের ১২ জুন ২৯ বছরের এক তরুণ ওই নাইট ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন।
এসব বন্দুক হামলার প্রেক্ষাপটে মার্কিন আইনসভায় অস্ত্র আইনবিষয়ক বিতর্ক ব্যাপক আকার ধারণ করে। কিন্তু স্টিভ স্ক্যালিসের ওপর হামলার পর বিতর্কটি এখন নতুন রূপ পরিগ্রহ করেছে, যেখানে আইনপ্রণেতারা কথা বলেছেন মূলত দলীয় অবস্থান থেকে। অধিকাংশ রিপাবলিকান প্রতিনিধি অবস্থান নিয়েছেন অস্ত্র আইন শিথিলের পক্ষে। এর বিপরীতে ডেমোক্র্যাটদের অবস্থান আরও কঠোর অস্ত্র আইনের পক্ষে। বর্তমানে ‘কনসিলড ক্যারি রেসিপ্রোসিটি অ্যাক্ট’ নিয়ে বিতর্ক আরও বেগবান হয়েছে। এই আইন পাস হলে নিজ অঙ্গরাজ্যের বাইরেও আইনপ্রণেতারা গোপনে অস্ত্র বহনের অনুমোদন পাবেন। ইতিমধ্যে এর প্রতি ২০০ আইনপ্রণেতা সমর্থনও জানিয়েছেন।
গত জানুয়ারিতে এ-সম্পর্কিত বিলটি উত্থাপন করেন নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি রিচার্ড হাডসন। তাঁর মতে, আলেক্সান্দ্রিয়ার ঘটনা মানুষকে অস্ত্র আইনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এদিকে কলোম্বিয়ার রাজনীতিকেরা দীর্ঘদিন ধরেই অস্ত্র আইন শিথিলে রিপাবলিকানদের তৎপরতার বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁদের এই প্রচেষ্টার সাফল্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ বিষয়ে কলোম্বিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি ইলিনর হোমস নরটন নিউইয়র্ক টাইমসকে বলেন, এ বিষয়ে ওয়াশিংটনই সিদ্ধান্ত নেবে। তবে আমার মত জানতে চাইলে, তারা এ ক্ষেত্রে নিশ্চিতভাবে সফল হবে না। তিনি বলেন, কলোম্বিয়ায় বিদ্যমান কঠোর অস্ত্র আইন পাশ কাটানোর যে চেষ্টা করা হয়েছে, তার বিরোধিতাই শুধু আমি করিনি, বরং এমন তৎপরতার সময়কাল নিয়েও আমি প্রশ্ন তুলেছি। আমাদের একজন সদস্যের সঙ্গে বাজে একটি ঘটনা ঘটেছে। অথচ আমার সহকর্মীরা একে অস্ত্র আইন শিথিলের একটি সুযোগ হিসেবে বেছে নিলেন।
হোমস নরটনের ঠিক বিপরীত অবস্থানে রয়েছেন অ্যালাবামার রিপাবলিকান জনপ্রতিনিধি মো ব্রুকস। সিনেট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী এই রিপাবলিকান নেতা ইতিমধ্যে একটি আইন প্রস্তাব করেছেন। এতে ক্যাপিটল এবং প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের উপস্থিতি রয়েছে এমন স্থান ছাড়া সবখানে গোপনে অস্ত্র বহনের অনুমোদন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তাঁর মতে, আইনটি প্রস্তাবের জন্য এখনই উপযুক্ত সময়। কারণ কংগ্রেস সদস্য ও সিনেটরদের প্রাণ সংশয়ের ঝুঁকির বিষয়টি এখন প্রমাণিত।
নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি ও ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান জোশেফ ক্রাওলি কংগ্রেস সদস্যদের নিরাপত্তার বিষয়টি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত। তবে এ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অস্ত্র বহনের অনুমতিকে তিনি কোনো সমাধান হিসেবে মানতে নারাজ। তাঁর মতে, নিজের হাতে একটি পিস্তল থাকলে কারও পক্ষে রক্তক্ষরণের বাইরে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন।
কোয়ালিশন টু স্টপ গান ভায়োল্যান্সের নির্বাহী পরিচালক জস হরউইটজ বলেন, বর্তমানে কংগ্রেস প্রগতিশীল কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযুক্ত স্থান নয়। একের পর এক বন্দুক হামলায় অসংখ্য মানুষ মারা গেলেও কংগ্রেস কোনো পদক্ষেপই নিচ্ছে না। উল্টো এটি শিথিলে তৎপরতা চালানো হচ্ছে, যা হতাশাজনক।
অবশ্য অস্ত্র আইন নিয়ে চলমান দ্বিদলীয় দ্বন্দ্বের বাইরে ব্যতিক্রমও রয়েছে। চলতি মাসের মধ্যেই নিউইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি পিটার কিং ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি মাইক থমসন অস্ত্র বিক্রির আগে সংশ্লিষ্ট ব্যক্তির অতীত খতিয়ে দেখার নিয়ম রেখে একটি আইন যৌথভাবে উত্থাপনের পরিকল্পনা করেছেন। নিউ টাউনে হামলায় ২০ শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে তাঁরা এই আইন প্রস্তাবের পরিকল্পনা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে আইনটি পাসের বিষয়ে খুব একটা আশাবাদী নন পিটার কিং। তিনি বলেন, সম্ভাব্য সবকিছুই চেষ্টা করে দেখা হচ্ছে। স্যান্ডি হুক স্কুলের মতো ঘটনাও যদি মানুষের চিন্তায় পরিবর্তন আনতে না পারে, তাহলে পরিবর্তন আশা করাটাই কঠিন।