গৃহহীন অপরাধী শিশুর ক্ষেত্রে ভিন্ন আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসহ ধরা পড়লে সব শিশুর ক্ষেত্রে একই ব্যবহার করে না নিউইয়র্ক পুলিশ। মধ্যবিত্ত বা স্কুলপড়ুয়া শিশুদের ক্ষেত্রে কিছুটা নমনীয় আচরণ দেখালেও ঘরহীন শিশুদের ক্ষেত্রে তাদের আচরণ অনেক কঠোর। মূলত শহর কর্তৃপক্ষের এ বিষয়ক নীতিই এ পার্থক্য গড়ে দিচ্ছে। সম্প্রতি এ ধরনের অভিযোগ তুলেছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রের কর্মকর্তারা।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক শহরের শিশুদের মধ্যে মাদক বলতে মূলত গাঁজা সেবনের বিষয়টিই উল্লেখযোগ্য। আশ্রয়কেন্দ্রে থাকা ৭-১৫ বছর বয়সী গৃহহীন শিশুদের ক্ষেত্রে গাঁজাসহ ধরা পড়লে হাতকড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু শিশুদের সঙ্গে এটি অত্যন্ত রূঢ় আচরণ। এর বিপরীতে স্কুল পড়ুয়া কিংবা মধ্যবিত্ত পরিবারের শিশুদের সঙ্গে অনেক নমনীয় আচরণ করে পুলিশ। ১৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এ ধরনের কোনো অভিযোগ উঠলে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে তা স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে শিশুটিকে কিংবা তার অভিভাবককে সতর্ক করে। নিউইয়র্ক শহরের শিক্ষা বিভাগের অধীনস্থ ৭১টি উচ্চ বিদ্যালয়েই এ পদ্ধতি অনুসরণ করা হয়।
আশ্রয়কেন্দ্র ও স্কুলের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন টিমস্টারর্স লোকাল ২৩৭-এর প্রেসিডেন্ট গ্রেগরি ফ্লয়েড বলেন, একই অপরাধের জন্য সমান পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয় না। মেয়র এ ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণের মাধ্যমে শিশুদের মধ্যে বিভাজন রেখা টানছেন।
অভিযোগটি স্বীকার করে মেয়র কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, স্কুলগামী শিশুরা ওই স্কুলের অধ্যক্ষের দায়িত্বে থাকেন। কিন্তু রাস্তায় ঘুরে বেড়ানো কিংবা কোনো আশ্রয়কেন্দ্রের শিশুর দায়িত্ব এমন কারও ওপর ন্যস্ত থাকে না। এ কারণে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত তাদের হয়ে কেউ না আসছে, ততক্ষণ পর্যন্ত তাদের সেখানেই রাখা হয়।
তবে আশ্রয়কেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুদের প্রতি সমান আচরণ করার লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। বর্তমানে ৭-১৫ বছর বয়সী গৃহহীন শিশুদের অপরাধের বিষয়ে সংশ্লিষ্ট আশ্রয়কেন্দ্র কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ক্ষেত্রে শিশুর অভিভাবক বরাবর সমন জারি করা হয়।
যদিও সম্প্রতি ব্রঙ্কস থেকে ১৫ বছরের এক গৃহহীন শিশুকে গাঁজা বহনের দায়ে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই দিনে এভাবে আরও চার শিশুকে আটক করা হয় বলেও নিউইয়র্ক পোস্টকে নিশ্চিত করেছে সূত্রটি। সংবাদমাধ্যমটি জানায়, নিউইয়র্ক পুলিশ নীতি পরিবর্তনের কথা বললেও এখনো তা সব ক্ষেত্রে পরিপালন করা হচ্ছে না।
সাবেক পুলিশ কর্মকর্তা ও লোকাল ২৩৭-এর উপপরিচালক আন্দ্রে গ্রিন এ বিষয়ে বলেন, শিশুদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। গৃহহীন কিংবা কোনো আশ্রয়কেন্দ্রে থাকাটা কোনো শিশুর অপরাধ নয়। এ জন্য অন্য শিশুদের থেকে তাদের আলাদা করা হলে দীর্ঘ মেয়াদে তাদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।