গৃহহীনদের জন্য যা করতে পারেন
মাকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফেরার পথে। রাস্তায় রেডলাইটে গাড়িটি থামার পর হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে ডাস্টবিনটির দিকে। দেখলাম একজন প্রাপ্তবয়স্ক লোক ডাস্টবিন হাতড়ে কিছু খুঁজছেন। লোকটির গায়ে মোটামুটি ভালো কাপড় ছিল, কাঁধে ব্যাগ। আমি তাকিয়েই আছি। বুঝতে পারছিলাম, লোকটি কী করতে যাচ্ছে। অবশেষে তাই হলো। লোকটি ডাস্টবিনে ছুড়ে ফেলা একটি বাবল-টি বের করল। তারপর পাইপ ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে গেল।
পাশে বসা আমার মা জানতে চাইলেন, এই লোকটি গৃহহীন কিনা। আমি বললাম, হ্যাঁ। মায়ের কৌতূহলী মন জানতে চাইল, ‘তারা এমন নোংরা থাকে কেন, তাদের কি বাড়ি–ঘর নেই?’
মায়ের এমন প্রশ্নে আমি অবাক হলাম না। আমি জানি, গৃহহীন অর্থাৎ হোমলেস সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক কোন তথ্য বা ধারণা নেই। আমরা শুধু জানি, গৃহহীন মানেই ঘরহীন, পরিবারহীন নোংরা গন্ধযুক্ত কাপড়ে রাস্তাঘাটে বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলা কিংবা দোকানপাটের কিনারায় রাস্তায় রাত কাটানো মানুষের কথা। আমরা শুধু জানি না একজন ব্যক্তির গৃহহীন হওয়ার কারণ ও ঘটনা। কেউ নিজের ইচ্ছায় সুন্দর পরিপাটি জীবন রেখে দুর্গন্ধময় শরীরে ডাস্টবিনে খাবার খুঁজে না, প্রচণ্ড শীতে রাস্তায় রাত কাটাতে আসে না।
গৃহহীনদের সংজ্ঞায়িত করতে অনেক সময় আমরা বিভ্রান্ত হই। গৃহহীন আসলে কারা? কীভাবে একজন ব্যক্তি গৃহহীন আখ্যায়িত হন? কেনই বা হন? নানান প্রশ্ন থাকে তাদের ঘিরে।
একজন ব্যক্তি যিনি নিয়মিত রাস্তায়, গাড়িতে, বন্ধুর বাড়ি কিংবা দোকানপাটের সামনে রাত কাটান, যিনি অফিশিয়ালি নিজ বাসস্থান হারিয়েছেন এবং থাকার জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই, খাদ্যের জোগান নেই, তিনিই গৃহহীন ব্যক্তি। দ্য ম্যাককেনি ভেন্টো হোমলেস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট আইনে সংজ্ঞায়িত হোমলেস অর্থাৎ গৃহহীন হলো—কোন ব্যক্তির স্থির, নিয়মিত ও রাত্রিযাপনের জন্য নির্দিষ্ট বাসস্থান না থাকা। ইউএস ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডিপার্টমেন্টের বার্ষিক গৃহহীন মূল্যায়ন প্রতিবেদনের মতে, ২০১৮ সাল পর্যন্ত আমেরিকায় একটি নির্দিষ্ট রাতেই প্রায় ৫ লাখ ৫৩ হাজার গৃহহীন মানুষকে পথে পাওয়া গেছে। এবং এখনো ট্রানজিট কর্মকর্তারা হোপ জরিপের ওপর নির্ভর করে গৃহহীনদের সংখ্যা নির্ণয় করে থাকেন, যাতে প্রতি জানুয়ারিতে একটি রাতে পাঁচটি বরোজুড়ে কয়েক হাজার স্বেচ্ছাসেবক গৃহহীনদের সংখ্যা গণনায় অংশ নেন। সেই রাতে স্বেচ্ছাসেবীরা গৃহহীন ব্যক্তিদের শনাক্ত করতে রাস্তা, পার্ক এবং অন্যান্য পাবলিক এলাকা ক্যানভাস করেন।
এইচইউডির বার্ষিক পয়েন্ট-ইন-টাইম কাউন্ট চলাকালে আমেরিকায় গত বছরের জানুয়ারিতে এক রাতে প্রতি ১০ হাজার লোকের মধ্যে ১৭ জন গৃহহীন অবস্থার মুখোমুখি হয়েছিল।
গৃহহীন যে কেউ হতে পারে। গৃহহীনতা কোনো ব্যক্তিকে সংজ্ঞায়িত করে না, বরং এটি একটি অস্থায়ী পরিস্থিতি। গৃহহীন সংযোগ, সব বর্ণ, লিঙ্গ, বয়স, জাতি ও শিক্ষাগত পটভূমির লোকদের নির্দেশ করে।
গৃহহীন হওয়ার একাধিক কারণ রয়েছে। কয়েকটি কারণের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী দারিদ্র্য, চাকরি হ্রাস ও বেকারত্ব, সাশ্রয়ী মূল্যের আবাসন, মানসিক অসুস্থতা, আসক্তি ও পারিবারিক সহিংসতার। ‘ন্যাশনাল কোয়ালিশন ফর হোমলেস’ জরিপে দেখা যায়, আমেরিকা প্রতি বছর রাস্তায় প্রায় ৭০০ জন লোক হাইপোথার্মিয়া থেকে মারা যায়। এ কারণে স্বাস্থ্যরক্ষায় গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে যেতে উৎসাহিত করতে প্রতিদিন স্বেচ্ছাসেবক ও প্রচারকর্মীরা এগিয়ে চলেছেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, গৃহহীনরা আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হন না। এর কারণ কি?
অনেকেই মনে করেন, গৃহহীনরা স্বেচ্ছাচারী ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও অভ্যাসবশত তারা রাস্তা-ঘাট, সাবওয়েতে থাকতে পছন্দ করেন। বিষয়টা আসলে তা নয়। এনপিআর পরিচালিত ওয়াশিংটন ডিসিভিত্তিক আমেরিকান টক রেডিও প্রোগ্রাম ‘টক অফ দ্য নেশন’ সদ্য এই ‘গৃহহীন’ সমস্যাটি থেকে বেরিয়ে এসেছেন, এমন ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকারধর্মী বিভিন্ন অডিও টক শো করে যাতে দেখা যায়, প্রায় প্রতিটি গৃহহীন মানুষের মধ্যেই শেল্টার সম্পর্কে একটা অজানা ভয় কাজ করে। নিরাপত্তাহীন বাসস্থান, মাদকের ব্যবহার, সহিংসতা ও অস্বাস্থ্যকর পরিবেশের ভয়ে শেলটারে যেতে রাজি হন না তারা। তারা পথে-ঘাটে বরং নিরাপদবোধ করেন। শীতের দিনে নিজেদের উষ্ণ রাখতে তারা পত্রিকার পাতা পরিধেয় বস্ত্রের ভেতর গুঁজে রাখেন।
গৃহহীন আমেরিকায় বিশাল এক সংকট।। বিশেষ করে নিউইয়র্ক নগরে গৃহহীন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখানে রেকর্ড সংখ্যক গৃহহীন পরিবারকে আশ্রয় ও পরিষেবা দেওয়া জরুরি হয়ে উঠেছে। এ ব্যাপারে নগর কর্তৃপক্ষের পদক্ষেপের পাশাপাশি সচেতন নাগরিক হিসাবে আমরাও পারি সহমর্মিতার হাত বাড়াতে। কীভাবে?
ব্যক্তি জীবনে দুঃখজনক ঘটনাগুলোতে আক্রান্ত হয়েছিল বলেই আজ তারা গৃহহীন। এবং যখন প্রয়োজন ছিল, তখন তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর মতো কেউ ছিল না। তবে, আপনি চাইলে এখনই তাদের সহায়তা করতে পারেন। আপনার সময়, অর্থ, পরিষেবা বা দক্ষতা দিয়ে আপনি গৃহহীন ব্যক্তির জীবনে পার্থক্য আনতে পারেন।
গৃহহীনদের সহায়তার জন্য আপনি প্রথম যে পদক্ষেপটি নিতে পারেন, তা হলো তাদের বোঝার চেষ্টা করা। গৃহহীন হওয়ার কারণ জানা। পার্কে বা পথে আপনার পাশে বসে থাকা বা পাশ কাটিয়ে যাওয়া গৃহহীন মানুষটাকে দুই এক বাক্যের কথোপকথনকালে ‘শুভ সকাল’ বলুন। তার প্রতি সামান্য সম্মান প্রদর্শন করুন। দেখুন, তার চেহারায় কেমন খুশির ঝলক আসে। খাদ্যের পাশাপাশি পরিধেয় বস্ত্র ও জুতা তাদের খুব প্রয়োজন, যা শেল্টারগুলোতে স্বল্প সরবরাহে থাকে। যদি আপনি গৃহহীনদের জন্য শেল্টার বা কোন সংস্থার মাধ্যমে অনুদান করতে চান তবে ইলেকট্রনিকস, সরঞ্জামাদি, ফোন কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন, কম্বল, কোট, বই এবং রান্নাঘরের আইটেমগুলো বিবেচনায় রাখতে পারেন। আর যদি শীতকালে রাস্তায় গৃহহীনদের দেখেন, সে ক্ষেত্রে কম্বল, শীতের পোশাক, স্বাস্থ্যকর খাবার সরবরাহ করতে পারেন।
আপনি চাইলে আপনার স্থানীয় গৃহহীন আশ্রয় কেন্দ্রে একটা সময় বের করে তাদের সেবায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারেন। গৃহহীনদের সঙ্গে নিজের দক্ষতা শেয়ার করতে পারেন। টাইপিং, অ্যাকাউন্টিং, প্লাম্বিং, কার্পেটিং, শিশুযত্ন, এমনকি নতুন কোন ভাষা শেখাতেও স্থানীয় আশ্রয়কেন্দ্রে ক্লাস করাতে পারেন। এই দক্ষতাগুলো গৃহহীন ব্যক্তিদের চাকরি বা সুন্দর একটি জীবন পেতে সহায়তা করতে পারে।
গৃহহীন ব্যক্তিকে আপনার উপাসনায় বা স্থানীয় সম্প্রদায়ের ইভেন্টে আমন্ত্রণ জানাতে পারেন। নৈতিক সমর্থনে গৃহহীন বাচ্চাদের সিনেমা বা আইস স্কেটিংয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন। অবশ্যই তাদের অনুমতির ওপর। গৃহহীনদের ছোটখাটো কাজের জন্য আপনার ধর্মীয় কেন্দ্র ও সম্প্রদায় কেন্দ্রগুলোকে উৎসাহিত করতে পারেন। স্থানীয় রাজনীতি অনুসরণ করে গৃহহীনদের সমস্যার বিষয়টি নিয়ে টাউন কাউন্সিলের সভায় বক্তব্য রাখতে পারেন। আপনার সম্প্রদায়ের বাসস্থানের সমস্যা এবং তাদের জন্য সম্প্রদায় কী ধরনের সাহায্য করতে পারে—সে সম্পর্কে আপনার স্থানীয় পত্রিকায় সম্পাদকীয় চিঠি লিখতে পারেন।
কারণ যাই হোক, গৃহহীনরা একদিন আমাদের মতোই জীবনযাপন করেছিল। একদিন তাদেরও ঘর ছিল, ঘরের বারান্দায় ফুলের বাগান ছিল। প্রিয় কেউ বসে ছিল পাশে কফির কাপ হাতে। ইচ্ছে করে তারা গৃহহীন হননি। তাদের চলন, ধরন, বুদ্ধি প্রবৃত্তি সংকটময় হতে হতে পারে।
কিন্তু সেটা যেন আমাদের বিরূপভাবে প্রভাবিত না করে। গৃহহীনদের সমস্যা একেবারেই সমাধান হওয়ার নয়। তবে সিটি পদক্ষেপের পাশাপাশি সচেতন নাগরিক হিসাবে চাইলে আমরাও পারি সামান্য কিছু পদক্ষেপে তাদের প্রতি সহায়ক হতে।