গোত্তা খেয়ে নদীতে পড়ল উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন চলচ্চিত্রের রুদ্ধশ্বাস দৃশ্য। উড়ালসেতুতে গাড়ি চলছে। মাথার অল্প ওপরেই কাত হয়ে ধেয়ে আসছে একটি আস্ত উড়োজাহাজ। একসময় উড়ালসেতুর গা ঘষে দিয়ে সেটি গিয়ে পড়ল পাশের নদীতে। তাইওয়ানে গতকালের বিমান দুর্ঘটনার নাটকীয় এ দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে l ছবি: রয়টার্স
এ যেন চলচ্চিত্রের রুদ্ধশ্বাস দৃশ্য। উড়ালসেতুতে গাড়ি চলছে। মাথার অল্প ওপরেই কাত হয়ে ধেয়ে আসছে একটি আস্ত উড়োজাহাজ। একসময় উড়ালসেতুর গা ঘষে দিয়ে সেটি গিয়ে পড়ল পাশের নদীতে। তাইওয়ানে গতকালের বিমান দুর্ঘটনার নাটকীয় এ দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে l ছবি: রয়টার্স

তাইওয়ানের বিমান সংস্থা ট্রান্সএশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ গতকাল বুধবার দুর্ঘটনার শিকার হলে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। ওড়ার কিছু সময় পরই উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়ে গোত্তা খেয়ে নদীতে পড়ে যায়। এর নাটকীয়ভাবে নিচে পড়ে যাওয়ার শেষ কয়েক মুহূর্তের ভিডিও দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। খবর এএফপি ও বিবিসির।
স্বল্প দূরত্বে চলা এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় বেলা ১১টার কিছু আগে তাইপের সংসান বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ওই দুর্ঘটনা ঘটে। এটি যাচ্ছিল দক্ষিণ-পূর্ব চীনের শহর শিয়ানমেনে। উড়োজাহাজটির মোট ৫৮ আরোহীর মধ্যে বেশির ভাগই ছিলেন চীনা পর্যটক।
স্থানীয় গণমাধ্যমে উড়োজাহাজটির পাইলটদের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের কথোপকথনের যে রেকর্ড প্রকাশিত হয়েছে, তাতে মনে হয়, এর ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। রেকর্ডটিতে বিপৎসংকেত জানিয়ে পাইলটদের বলতে শোনা যায়, ‘মেডে, মেডে, ইঞ্জিন জ্বলছে!’ অবশ্য, অডিও রেকর্ডটির সত্যতা তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি।
উড়ালসেতু থেকে গাড়িচালকের তোলা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি কাত হয়ে কয়েকটি ভবনের ওপর দিয়ে দ্রুতগতিতে নিচে নেমে আসছে। একেবারে নিচে নেমে এলে এর একটি ডানা সেতুর পাশে ধাক্কা খায়। এরপর উড়োজাহাজটি নদীতে গিয়ে পড়ে।
উড়োজাহাজটি নদীতে পড়ার পর এর অংশবিশেষ পানির ওপরে ভাসতে দেখা যায়। এর ধ্বংসাবশেষের ভেতর থেকে বের হয়ে যাত্রীদের কয়েকজনকে সাঁতরাতে দেখা যায়। উদ্ধারকারীরা সেখানে পৌঁছে তাঁদের সাহায্য করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনকে ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে আনার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা। তবে অন্তত ২৩ জন আরোহীর মৃত্যু হয়েছে বলেও মনে করছেন তাঁরা। এর বাইরে ২০ জন নিখোঁজ ছিলেন।
কয়েক মাসের মধ্যে ট্রান্সএশিয়া বিমান সংস্থার জন্য এটি দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা। অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাটির একটি উড়োজাহাজ গত জুলাই মাসে খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হলে ৪৮ জনের প্রাণহানি ঘটে।