যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত প্রতিবেদনের গোপন অংশ প্রকাশের আশা ব্যক্ত করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান। তিনি বলেছেন, এর মাধ্যমে সৌদি আরবের কথিত ভূমিকা নিয়ে যে গুঞ্জন রয়েছে তা দূর হবে।
সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনে গতকাল রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে জন ব্রেনান বলেন, ওই হামলায় সৌদি আরবের যে কোনো দায় নেই, তা পরিষ্কার করতে কংগ্রেসের প্রতিবেদনের ২৮টি অপ্রকাশিত পৃষ্ঠা প্রকাশ করা হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, ‘এগুলো প্রকাশ করাকে আমি সমর্থন করি, যাতে প্রত্যেকে এই প্রমাণ দেখতে পান যে ওই হামলার ব্যাপারে সৌদি সরকারের কোনো ভূমিকা ছিল না।’
গত ১৭ মে মার্কিন সিনেট এক বিল পাস করে। তাতে ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হয়। এ নিয়ে চলা বিতর্কের কেন্দ্রেই রয়েছে ২০০২ সালের ওই তদন্ত প্রতিবেদনের অপ্রকাশিত অংশটি।
সিনেটে পাস হওয়া বিলটি হোয়াইট হাউসের জন্য একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হোয়াইট হাউস এটি ভেটো দিয়ে ঠেকিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সৌদি আরব হামলায় জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি এ বিলের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, এটি আইনে পরিণত হলে তারা যুক্তরাষ্ট্র থেকে ৭৫০ বিলিয়ন ডলারের সিকিউরিটিজ ও অন্যান্য সৌদি সম্পদ বিক্রি করে দেবে।
জন ব্রেনান গত মাসে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ৯/১১ সন্ত্রাসী হামলার নেপথ্যে সৌদি আরবের হাত ছিল, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নিউইয়র্কের টুইন টাওয়ারসহ একাধিক লক্ষ্যবস্তুতে সেদিনের হামলায় অংশ নেওয়া বলে অভিযুক্ত ব্যক্তিদের বেশির ভাগই সৌদি নাগরিক। কংগ্রেসের তদন্ত প্রতিবেদনে ওই হামলায় সৌদি আরব ও তার কথিত সংযোগের বিষয়ে আলোকপাত করা হয় বলে জানিয়েছেন তদন্ত কমিটির সাবেক কো-চেয়ারম্যান বব গ্রাহাম। গত এপ্রিলে তিনি বলেছিলেন, গোপন ২৮ পৃষ্ঠা প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে হোয়াইট হাউস।