অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে কট্টরপন্থার প্রতি সমর্থন জানানো কোনো কঠিন কাজ নয়। কিন্তু সহিংস চরমপন্থী হয়ে ওঠা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তা অনেক বেশি কঠিন। সবাই পারে না।
ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোয় স্বামীকে সঙ্গে নিয়ে নির্বিচারে গুলি চালানোর ঘটনার আগে তাশফিন মালিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন করে ফেসবুকে একটি বক্তব্য দিয়েছিলেন। জঙ্গিদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল কি না তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
তাশফিন ও তাঁর স্বামী সৈয়দ রিজওয়ান ফারুক কীভাবে কট্টরপন্থার পথে গেলেন, তা এখনো অস্পষ্ট। কীভাবে তাঁরা সবার অগোচরে এত ভয়াবহ হামলার পরিকল্পনা ও অস্ত্রশস্ত্র জোগাড় করলেন, তাও রহস্য।
একক ব্যক্তি উদ্যোগে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে গত কয়েক দশকে বেড়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭০-এর দশকে এ ধরনের হামলার ঘটনা ছিল ৩০টি। আর ২০০০-এর দশকে হয়েছে ৭৩টি। এসব হামলায় জড়িত কয়েকজন ব্যক্তি আইএস বা আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন বলে চিহ্নিত করা হয়েছে। আর বাকিরা নিজস্ব চরমপন্থী বিশ্বাস বাস্তবায়নের জন্যই সহিংসতার পথ বেছে নেন। যুক্তরাষ্ট্রে দুই ভাই জোখার ও তামেরলান সারনায়েভ ব্যক্তিগত উদ্যোগেই ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে হামলা চালান। সেখানে ৩ জন নিহত ও অন্তত ২৬০ জন আহত হন। মোহাম্মদ ইউসেফ আবদুলাজিজ নামের এক ব্যক্তি একইভাবে টেনেসি অঙ্গরাজ্যে চার মেরিন সেনাকে হত্যা করেন।
উগ্র ধর্মীয় মতাদর্শ ছাড়াও ব্যক্তিজীবনে অসুখী হওয়ার কারণেও অনেকে আইএস বা অন্যান্য কট্টরপন্থী সংগঠনের প্রতি ঝুঁকে পড়ছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষক ও সন্ত্রাসবাদ বিষয়ের লেখক মার্ক হ্যাম বলেন, ‘ব্যক্তিগত সংকটও মানুষকে চরমপন্থার দিকে ঠেলে দেয়। চাকরি বা একান্ত প্রিয়জনকে হারিয়ে কেউ কেউ চরমপন্থার আশ্রয় নিচ্ছে। অনেক সময় অনলাইনের বিরাট দুনিয়ার কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবার সুপথ দেখায়, শেষ মুহূর্তে খাদের কিনার থেকে ফিরিয়ে আনে।’
পর্যবেক্ষকেরা বলেন, এরা হয়তো এমনভাবে কট্টর বিশ্বাসের পথে যায়, যা সহজে চোখে পড়ে না। আবার কেউ কেউ হয়তো এ ধরনের বিষয় লুকিয়ে রাখতে বিশেষ রকম দক্ষ।
নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা দপ্তরের সাবেক জ্যেষ্ঠ বিশ্লেষক মিচেল সিলবার বলেন, এগুলো লুকিয়ে রাখতে কিছু চেষ্টাচরিত্রের প্রয়োজন হয়। তবে অনেক লোকই কিন্তু নিজেদের জীবনের বিভিন্ন বিষয় করে আলাদা রাখতে পারে। কিছু থেকে যায় অন্যদের কাছে গোপন।
অভিজ্ঞতা বলে, কারও মধ্যে এ ধরনের পরিবর্তন তাঁর আত্মীয়-পরিজনেরা টের পেলেও অনেক সময় উপেক্ষা করেন বা নীরব থাকেন। কারণ, এ রকম কারও ব্যাপারে কর্তৃপক্ষকে জানালেই তাঁর ওপর নজরদারি শুরু করা হয়। এমনকি ‘সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন’—অভিযোগ এনে কারাবন্দীও করা হতে পারে। আচমকা গুলি চালিয়ে ব্যাপক হারে মানুষ হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে গোয়েন্দা কর্মকর্তারা এ ধরনের সমস্যার কারণ চিহ্নিত করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন।