গোয়েন্দাদের আবার খোঁচা দিলেন ট্রাম্প
মার্কিন গোয়েন্দাদের প্রতি আবারও শ্লেষোক্তি করেছেন দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে রুশ হ্যাকারদের হস্তক্ষেপের অভিযোগ-সংক্রান্ত বক্তব্য মার্কিন গোয়েন্দারা তুলে ধরতে সময়ক্ষেপণ করছেন বলে মঙ্গলবার টুইটারে অভিযোগ করেন ট্রাম্প।
ট্রাম্পের দেওয়া তথ্যমতে, হ্যাকিং নিয়ে শুক্রবার ব্রিফিং করবেন গোয়েন্দারা। এ বিষয়ে টুইটে ট্রাম্প লেখেন, ‘তথাকথিত “রুশ হ্যাকিংয়ের” ব্যাপারে “গোয়েন্দা” ব্রিফিং শুক্রবার পর্যন্ত পেছানো হয়েছে, যুক্তিতর্ক সাজাতে হয়তো আরও সময় লাগবে; অতি অদ্ভুত!’
বিবিসি জানিয়েছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গত মঙ্গলবার বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের ফাঁসকৃত ডেমোক্রেটিক দলের তথ্যগুলোর উৎস রাশিয়া ছিল না।
সিআইএ ও এফবিআইসহ বেশ কয়েকটি সংস্থা বলেছে, ডেমোক্রেটিক দল ও এই দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা দলের কম্পিউটার হ্যাক করে রুশ হ্যাকাররা তথ্য চুরি করেছে বলে তাদের কাছে খবর রয়েছে। আর মস্কো এই হ্যাকিংয়ে মদদ দিয়েছে। গোয়েন্দাদের অভিযোগ, রুশ হ্যাকারদের চুরি করা ওই তথ্যগুলোই নির্বাচনের আগে উইকিলিকস ফাঁস করেছে, যাতে ট্রাম্পকে বিজয়ী করার একটি প্রচ্ছন্ন চেষ্টা ছিল।
অভিযোগ ওঠার পরপরই ট্রাম্প একে ‘হাস্যকর’ বলে মন্তব্য করলেও পরে তিনি নিজ অবস্থান থেকে সরে এসে বলেন, পরিস্থিতি সম্পর্কে জানতে গোয়েন্দা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।