গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের আহ্বায়ক হলেন মাওলানা রশীদ আহমদ
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটের গোয়াইনঘাটের মানুষদের নিয়ে গঠিত গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা রশিদ আহমদকে।
আমেরিকা প্রবাসী লেখক ও ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদকে আহ্বায়ক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয় ১৯ জুলাই। তিন সদস্যবিশিষ্ট কমিটির অন্য দুই সদস্য হলেন যুগ্ম আহ্বায়ক গ্রিস প্রবাসী মুহাম্মদ জালাল উদ্দিন ও আমেরিকা প্রবাসী আবদুল খালিক। ট্রাস্টি বোর্ড সূত্র জানায়, পুরোনো কেন্দ্রীয় কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ দিন থেকে সংগঠনের ট্রাস্ট্রি বোর্ডই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যাবলি সম্পাদন করছিল। কিছু সাংগঠনিক জটিলতা ও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে সংগঠনের কমিটি গঠন বিলম্বিত হয়। এ জন্য ট্রাস্টি বোর্ড সংগঠন-সংশ্লিষ্ট সবার প্রতি দুঃখ প্রকাশ করছে।
ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, গত কিছুদিন সংগঠনের অনলাইন গ্রুপে বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ করে সংগঠনের বোর্ড নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ট্রাস্টি বোর্ড মেম্বার মাওলানা রশীদ আহমদকে প্রধান করে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। গঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সার্বিক উন্নতির কথা বিবেচনা করে বিশ্বের ২০টি দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের মধ্য থেকে পরিচিত, মেধাবী ও পরিশ্রমীদের সমন্বয়ে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করবে—এটাই প্রত্যাশা।