গোলমেলে রিপাবলিকান দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রিপাবলিকান দলের গোলমেলে অবস্থার সহসাই অবসান ঘটছে না। দলের মধ্যে, সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা অস্থিরতা। রিপাবলিকান দলের জাতীয় নেতৃত্বকে রীতিমতো চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পই বাছাইপর্বে উতরে যাওয়া একমাত্র প্রার্থী। তাঁর এই প্রার্থিতা আসছে জুলাই মাসে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠেয় কনভেনশনে নিশ্চিত করা হবে। ওই কনভেনশন নিয়ে রিপাবলিকান দলের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। ট্রাম্পের উত্থানের মধ্য দিয়ে দলটির অনৈক্য বাড়বে, না দলের চরিত্রগত পরিবর্তন আসছে, এ নিয়ে যুক্তরাষ্ট্রে বিস্তর আলোচনা চলছে।

রিপাবলিকান দলের নেতৃত্বের সঙ্গে বাছাইপর্বের ভোটে জয়ী ট্রাম্পের সংঘাত এমনিতেই স্পষ্ট। রিপাবলিকান দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখনো ট্রাম্পের পক্ষে নেই। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, তাঁর বাবা আরেক প্রেসিডেন্ট বুশ, বুশতনয় সাবেক প্রার্থী জেব বুশ ট্রাম্পের পক্ষে নেই। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান দলের প্রভাবশালী পক্ষগুলো এখনো ট্রাম্পের পক্ষে নেই। দলের আসছে কনভেনশনে সভাপতিত্ব করবেন স্পিকার পল রায়ান। বর্তমানে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যক্তির সঙ্গেও ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্য এখন। বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের সঙ্গে আপস করারও কোনো লক্ষণ দেখাচ্ছেন না।

যুক্তরাষ্ট্রে রক্ষণশীল ভাবাদর্শের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি। সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে রক্ষণশীল সব ধারণার প্রতিনিধিত্ব করে আসছে এই দলটি। নানা কারণে হতাশ শ্বেতাঙ্গদের উসকে দিয়ে বাছাইপর্বে রীতিমতো বাজিমাত করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও খাঁটি রক্ষণশীলদের কাছে ট্রাম্পের রাজনৈতিক চরিত্র সম্পর্কে আস্থা নেই। নির্বাচনী প্রচারের মাঝপথেই বারবার বক্তব্য পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাছাইপর্বের প্রচারে বলেছিলেন, আইন করে ন্যূনতম মজুরি বাড়ানোর বিপক্ষে তিনি। এখন বলছেন, নির্বাচিত হলে ন্যূনতম মজুরি বৃদ্ধি করবেন। আগের অবস্থান ছেড়ে এখন বলছেন, নির্বাচিত হলে ধনীদের কর বাড়াবেন।

মজুরি বৃদ্ধি, উচ্চবিত্তের কর বৃদ্ধি, সামাজিক স্বাস্থ্যসেবা নিয়ে রিপাবলিকান দলের দীর্ঘ অবস্থানের বাইরে এখন ডোনাল্ড ট্রাম্প। বাছাইপর্বে জয়ী হয়ে এখন ট্রাম্পই যেন নির্ধারণ করছেন দলের আদর্শ এবং নীতি কী হবে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা প্রধান পল ম্যানাফোর্টের বরাত দিয়ে লিখেছে, ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস এবং বক্তব্যই এখন রিপাবলিকান দলের আদর্শ হয়ে উঠেছে। সমস্যা হলো, সামাজিক ও রাজনৈতিক মতাদর্শে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস ও বক্তব্য বদলে যাচ্ছে প্রতিদিন।

রিপাবলিকান দলের মূল নেতৃত্বের কাছে নির্বাচনে জয়লাভের পাশাপাশি দলের নীতি-আদর্শ ধরে রাখার সংগ্রামও সমান গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প যেন ঘোষণা দিয়েছেন, রিপাবলিকান দল রক্ষণশীলের দল, কথাটা ভুলে যাও। তিনি যা বলছেন, তাই হবে রিপাবলিকান দলের আদর্শ।

বাছাইপর্ব থেকে সব প্রতিদ্বন্দ্বী ঝরে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রিপাবলিকান দলকে ঐক্যবদ্ধ করেই তিনি এগিয়ে যাবেন। ট্রাম্পের নীতিআদর্শ এবং বারবার বদল করা বক্তব্যে সন্দিহান স্পিকার পল রায়ান। গত সপ্তাহেই বলেছিলেন, ট্রাম্পকে সমর্থন জানানোর জন্য তিনি এখনই প্রস্তুত নন। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন, দল ঐক্যবদ্ধ হলে ভালো। না হলেও ক্ষতি নেই। তিনি নিজের মতো করে এগিয়ে যাবেন।

দলের নেতৃত্বকে ট্রাম্প যে তোয়াক্কা করছেন না, তা স্পষ্ট হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পই যেন স্পিকার পল রায়ানকে বলছেন, এখন তাঁর কী করা উচিত? ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভিন্ন ধরনের প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ব্যতিক্রমী প্রেসিডেন্ট প্রার্থী আর কখনো ছিলেন না। এই প্রার্থীর পক্ষে দল ঐক্যবদ্ধ হলে ভালো, না হলে না হলো। দলের বিরুদ্ধে এমন চ্যালেঞ্জ ছুড়েই ডোনাল্ড ট্রাম্প জাতীয় নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে হারাতে পারবেন বলে তিনি মনে করেন।

ইন্ডিয়ানা রাজ্যের বাছাইপর্বের পর স্পিকার পল রায়ান বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প দলীয় বাছাইয়ে বিজয়ী প্রার্থিতা নিশ্চিত করার পথে। তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প শুধু বাছাইপর্বেই জয়ী হচ্ছেন না; তিনি উত্তরাধিকার হিসেবে ধারণ করেছেন রিপাবলিকান দলের আদর্শ। এর পাল্টা বলতে ভুল করেননি ডোনাল্ড ট্রাম্প। পাল্টা টুইটে বলেছেন, ‘উত্তরাধিকার নয়, আমি অগুনতি মানুষের ভোটের বিজয়কে ধারণ করছি।’

গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিকান দলটি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ভাবাদর্শকে ধারণ করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ঐক্যবদ্ধ হবে, এমন ধারণা ক্রমশ দুর্বল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন না, রিপাবলিকান ঘরানার রক্ষণশীলদের ভোট ছাড়াই ট্রাম্প নির্বাচিত হতে পারবেন। এবারের নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলকে নিয়ে রাজনীতির জুয়া খেলায় নামতে হচ্ছে। সম্পূর্ণ প্রথাবিরোধী প্রচার চালিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রধানত দলটিকে বেকায়দায় ফেলেছেন। এই ত্রাহি অবস্থা মোকাবিলা করে জুলাই কনভেনশনে কী হচ্ছে, তার ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান দলের নিকট ভবিষ্যৎ।